দোভাল ও সাবেক ‘র’ প্রধানের বিরুদ্ধে অভিযোগ, মানছে না ভারত

ছবি: সংগৃহীত
খালিস্তানপন্থী নেতা গুরপতবন্ত সিং পান্নুনের করা মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল ও দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সাবেক প্রধান সামন্ত গোয়েলের বিরুদ্ধে আনা অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি।
যুক্তরাষ্ট্রের একটি আদালত পান্নুনের দায়ের করা দেওয়ানি মামলায় অজিত দোভাল ও সামন্ত গোয়েলের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন। দিল্লির আদালতের মাধ্যমে তাদের কাছে সমন পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ভারত এ ধরনের ভিত্তিহীন মামলা প্রত্যাখ্যান করে এবং এগুলোকে স্বীকৃতি দেয় না। শুরু থেকেই নয়াদিল্লি পান্নুনের অভিযোগ অস্বীকার করে আসছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও দ্য হিন্দুর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রে বসবাসকারী পান্নুন ভারতে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে)-এর আইনি পরামর্শক। নিজের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ তুলে ক্ষতিপূরণ চেয়ে তিনি মার্কিন আদালতে দেওয়ানি মামলাটি করেন। তার অভিযোগ, ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর সংশ্লিষ্টতায় তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল এবং এর নেতৃত্বে ছিলেন অজিত দোভাল। সম্প্রতি নিজের জীবনের ওপর নতুন হুমকির বিষয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই তাকে সতর্ক করেছে বলেও দাবি করেন তিনি।
তবে পান্নুন ভারতের তদন্তকারী সংস্থাগুলোর কাছে বিভিন্ন সন্ত্রাসবাদ-সংক্রান্ত অভিযোগে অভিযুক্ত এবং দেশটির ওয়ান্টেড তালিকায় রয়েছেন।
এদিকে, পান্নুনকে হত্যার ষড়যন্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রে চলা একটি ফৌজদারি মামলা থেকে এই দেওয়ানি মামলাটি সম্পূর্ণ আলাদা। ফৌজদারি মামলায় ভারতীয় নাগরিক নিখিল গুপ্ত ও সাবেক ‘র’ কর্মকর্তা বিকাশ যাদবের বিরুদ্ধে হত্যার জন্য অর্থের বিনিময়ে লোক নিয়োগের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। ওই মামলায় নিখিল গুপ্তের ২৪ বছরের কারাদণ্ড চেয়েছে মার্কিন সরকার।
অন্যদিকে, অজিত দোভাল ও সামন্ত গোয়েলের বিরুদ্ধে করা দেওয়ানি মামলাটি পান্নুনের ব্যক্তিগত উদ্যোগে দায়ের করা। এতে যুক্তরাষ্ট্র সরকার কোনো পক্ষ নয়। মামলাটিতে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছেন পান্নুন।






