সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে পাকিস্তানকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। শিরোপামঞ্চে প্রতিপক্ষ পেয়েছে ভারতকে। আসরে এপর্যন্ত অপরাজিত থাকা দলটির বিপক্ষে নিজেদের মেলে ধরতে চায় বাংলাদেশ। শিরোপা নিয়ে দেশে ফিরতে চায় লাল-সবুজের দল।
সোমবার ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় গড়াবে লড়াই। আগেরদিন সংবাদ সম্মেলনে লক্ষ্যের কথা জানিয়েছেন বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটু।
‘আমাদের লক্ষ্য শিরোপা জেতা। জানি, লক্ষ্যপূরণ কঠিন, বিশেষ করে ভারতের বিপক্ষে। ভারত কীভাবে খেলে সেটা আমরা জানি। তাদের বিপক্ষে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে।’
ভারতকে ফেভারিট মানছেন টিটু। তবে পাকিস্তানের বিপক্ষে পিছিয়ে পড়েও ঘুরো দাঁড়ানো খেলোয়াড়দের আত্মবিশ্বাস দেবে বলছেন।
‘ভারত ফেভারিট, কোনো সন্দেহ নেই। তাদের খেলোয়াড়দের দেখেন, টেকনিক্যালি ও ট্যাকটিক্যালি তারা পরিণত, আমি এটাই দেখেছি। তবে ছেলেরা যেভাবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে পারফরম্যান্স করেছে, ম্যাচে ফিরে এসেছে। তাদের নিয়ে আমি গর্বিত। মনে করি, এটা আমাদের আত্মবিশ্বাস দেবে। ভারত ভালো দল, তারা শিরোপাধারী, তাদের বিপক্ষে আমাদের সেরাটা দিতে হবে।’
শনিবার সেমিফাইনালে পাকিস্তানের সঙ্গে ২-২ গোল সমতা ছিল বাংলাদেশের। টাইব্রেকারে পাকিস্তানকে ৮-৭ গোলে হারায় সাইফুল বারী টিটুর দল। অন্যদিকে নেপালকে ৪-২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত।







