অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে বড় জয় তুলেছে ইংল্যান্ড। ‘বি’ গ্রুপে পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেট ও ৬৪ বল হাতে রেখে জয় তুলেছে ইংলিশরা। জয়ের পরও গ্রুপের শীর্ষে উঠতে পারেনি দলটি। অপরাজিত ২০ রান ও ৩ স্টাম্পিংয়ে ম্যাচসেরা হয়েছেন কেটি জোনস।
মালয়েশিয়ায় টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক। ব্যাটে নেমে পাকিস্তান ১৮.৫ ওভারে ৬৬ রানে সবকটি উইকেট হারিয়ে ফেলে। ইনিংস সর্বোচ্চ ১৫ রান করেন জুলফিশান আয়াজ। ১২ রান করেন কোমল খান। ইংল্যান্ডের আমু সুরেনকুমা নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন কার্টেন কোলম্যান, ওলিভিয়া ব্রিনসডেন ও ইভি ও’নেল।
জয়ের জন্য নেমে ইংল্যান্ড ৯.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬৭ রান করে। কেটি জোনস ২০ রানে অপরাজিত থাকেন। ১৪ রান আসে এবি নারগ্রোবের থেকে। পাকিস্তানের মাহনূর জেব ২ উইকেট শিকার করেন।
দিনের অপর ম্যাচে সামোয়ার মেয়েদেরকে ১০ উইকেটে হারিয়েছে সাউথ আফ্রিকার মেয়েরা। আগে ব্যাট করা সামোয়ার মেয়েরা প্রোটিয়াদের বিপক্ষে নেমে মাত্র ১৬ রানে অলআউট হয়। জবাবে কোনো উইকেট না হারিয়ে ১৭ রান করে জয় তুলে নেয় সাউথ আফ্রিকার মেয়েরা।







