যুবরাজের যে পরামর্শ কাজে লাগিয়ে দ্রুততম ডাবলের রেকর্ড সূর্যবংশীর

এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ব্যাটে ঝড় তুলেছিলেন বৈভব সূর্যবংশী। ১৫ বর্ষী তারকা তাণ্ডব চালিয়ে একের পর এক রেকর্ড ভেঙেছেন লিস্ট ‘এ’ ক্রিকেটে। ৫৩ বলে ২০৪ রান করেছেন, যা দ্রুততম ডাবলের রেকর্ড। তার আগে সেঞ্চুরি করেছেন ২৮ বলে, সেটিও দ্রুততমের রেকর্ড। এমন সাফল্যের পথে যুবরাজ সিংয়ের পরামর্শ কাজে লাগিয়েছেন তিনি।
মঙ্গলবার কাতারের দোহায় আগে ব্যাটে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৯ রান করেছিল আমিরাত। জবাবে নেমে ১৪.২ ওভারে লক্ষ্যে পৌঁছায় ভারত। ৫২ বলে ডাবল সেঞ্চুরি করেন বৈভব। ১৫ চার ও ২৮ ছক্কায় ২০৪ রানের ইনিংস খেলে থামেন ৫৩ বলে। ইনিংসের শুরু থেকেই বোলারদের উপর চড়াও হন তিনি। ১৬ বলে পূর্ণ করেন অর্ধশতক, ২৮ বলে সেঞ্চুরি।
এমন আগ্রসী ব্যাটিংয়ের জন্য ভারতের কিংবদন্তি সাবেক অলরাউন্ডার যুবরাজ সিংকে স্মরণ করেছেন সূর্যবংশী। বিসিসিআইকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘ম্যাচের আগে মাত্র চারজনের সঙ্গে কথা বলেছিলাম। অবশ্যই বরাবরের মতোই বাবার সঙ্গে কথা বলেছি। এরপর ছোটবেলার কোচ মণীশ ওঝা ও অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকে আমার সঙ্গে থাকা বন্ধু প্রথম জাছক। চতুর্থজন হলেন আমার আদর্শ যুবরাজ স্যার। তার সঙ্গে প্রায় আধাঘণ্টা কথা হয়েছে।’
“তিনি (যুবরাজ) আমার ব্যাটিং নিয়ে অনেককিছু বুঝিয়ে বলেছেন। বেশ চাপে ছিলাম। তার সঙ্গে খোলামেলা আলোচনা করেছি। তাকে বলেছিলাম, স্যার ব্যাটিংয়ে নামার সময় কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। তিনি আধাঘণ্টা ধরে আমাকে সবকিছু বিস্তারিতভাবে বুঝিয়েছেন। মূলত বলেছিলেন, ‘তুমি যদি অন্তত ২০টি বল টিকে থাকতে পারো, তবে দলের স্কোর অন্যরকম হয়ে যাবে।’ তিনি আমাকে অনেক পরামর্শ দিয়েছেন। যা আমার জন্য দারুণ সহায়ক ছিল।’’
যুবরাজকে নিয়ে সূর্যবংশী আরও বলেছেন, ‘যুবরাজ স্যার আমার আদর্শ। আদর্শের কথা মানুষ মনোযোগ দিয়ে শোনে, আমিও তাই করেছি। তিনি আমাকে অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন। বিশেষ করে ব্যাটিং নিয়ে। এরপর ফিরে গিয়ে নিজের ব্যাটিংয়ের ভিডিওগুলো দেখলাম। বুঝতে পারলাম একটি ভুল করছিলাম। যা পরে শুধরে নেয়ার চেষ্টা করেছি। তিনি যা করতে বলেছিলেন, ঠিক সেটাই করতে চেষ্টা করেছি। এটি আমাকে সাহায্য করেছে।’





