নিউজিল্যান্ডের বিপক্ষে ৬০ রানে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করে পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে হেরে বিদায় নিশ্চিত করেছে গ্রুপপর্ব থেকে। আসরে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশের। টিম টাইগার্সও দুই ম্যাচে হেরে বিদায় সেরে ফেলেছে গ্রুপপর্বেই। কার্যত নিয়মরক্ষার ম্যাচ হলেও বাংলাদেশের বিপক্ষে ম্যাচকে ‘গুরুত্বপূর্ণ’ বলছেন পাকিস্তানের প্রধান কোচ আকিব জাভেদ।
রাওয়ালপিন্ডিতে বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল তিনটায় নাজমুল হোসেন শান্তদের মুখোমুখি হবে পাকিস্তান। আগেরদিন সংবাদ সম্মেলনে শেষটা ভালো করে ঘুরে দাঁড়ানোর কথা শোনালেন পাকিস্তান কোচ।
‘ম্যাচটা যেকোনো ম্যাচের মতোই গুরুত্বপূর্ণ। কেননা একবার যখন পড়ে যাবেন, আপনি তখন ঘুরে দাঁড়িয়ে কিছু করে দেখানোর চেষ্টা করবেন। বলব কাল খুবই গুরুত্বপূর্ণ দিন। এই ম্যাচকে সামনে রেখেই আমরা কঠোর পরিশ্রম করছি এবং এগিয়ে যেতে চাচ্ছি।’
হারের বৃত্তে থাকায় পাকিস্তানকে অনেক সমালোচনা সহ্য করতে হচ্ছে। সমালোচনার পাশপাশি সাবেক ক্রিকেটারদের ভর্ৎসনাও পেতে হচ্ছে বাবর আজমদের। সেগুলোয় কান দিতে নারাজ পাকিস্তান কোচ।
বলেছেন, ‘ক্রিকেটের কথা যখন আসে তখন আমরা বাইরে থেকে নির্দিষ্ট কোনো ম্যাচ দেখি। ক্রিকেটার হিসেবে আমাদের ভিন্নভাবে দেখতে হয়, সব ম্যাচই অনেকবেশি চাপের। যখন ব্যাটিংয়ে নামেন তখন কোনকিছুই সহজ নয়, সবসময় আপনাকে শূন্য থেকে শুরু করতে হয়। এটা চ্যাম্পিয়ন্স ট্রফি, এটা বিশ্বকাপ না, বাছাইপর্বের কোনো খেলা না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেরা আট দল খেলে।’








