আন্তর্জাতিক

বেলজিয়ামে ব্যয় সংকোচন নীতির প্রতিবাদে ধর্মঘট, বন্ধ হচ্ছে বিমানবন্দর

বেলজিয়ামে ব্যয় সংকোচন নীতির প্রতিবাদে ধর্মঘট, বন্ধ হচ্ছে বিমানবন্দর

ছবি: সংগৃহীত

সরকারের ব্যয় সংকোচন নীতি ও সংস্কারমূলক পদক্ষেপের প্রতিবাদে জাতীয় ধর্মঘটের কারণে সোমবার (২৩ নভেম্বর) বেলজিয়ামের প্রায় সব ফ্লাইট বাতিল হতে যাচ্ছে। দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রণকারী সংস্থা স্কাইস (Skeyes) জানিয়েছে, ধর্মঘটে কর্মীদের অংশগ্রহণের কারণে বিমানবন্দরগুলোতে স্বাভাবিক সেবা দেওয়া সম্ভব হবে না।

বেলজিয়ামের আকাশসীমা ও বিমান চলাচল নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সংস্থাটি জানিয়েছে, সোমবার (২৩ নভেম্বর) সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত (স্থানীয় সময়) নিয়মিত বিমান চলাচল নিয়ন্ত্রণ সেবা বন্ধ থাকবে।

এক বিবৃতিতে স্কাইস জানায়, ওই সময়ে প্রয়োজনীয়সংখ্যক কর্মী না থাকায় নিরাপদে নিয়মিত বিমান চলাচল নিশ্চিত করা সম্ভব হবে না। এ কারণে সংশ্লিষ্ট সেবা সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হচ্ছে সংস্থাটি।

তবে জরুরি পরিস্থিতি এবং নিরাপত্তার জন্য অত্যাবশ্যকীয় ফ্লাইটের ক্ষেত্রে সীমিত সেবা চালু থাকবে।

ইউরোপের স্বল্পমূল্যের বিমান সংস্থা রায়ানএয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ব্রাসেলস-চার্লেরোয়া বিমানবন্দর জানিয়েছে, ধর্মঘটের কারণে সারা দিনের জন্য দেশটির সব বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে। এতে হাজারো যাত্রী ভোগান্তিতে পড়বেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, বিমান চলাচল নিয়ন্ত্রণ সেবা ছাড়া কোনো উড়োজাহাজ উড্ডয়ন বা অবতরণ করতে পারে না। শেষ মুহূর্তে নেওয়া এ সিদ্ধান্তের কারণে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে বলেও মন্তব্য করেছে তারা।

অন্যদিকে ব্রাসেলস বিমানবন্দর জানিয়েছে, তাদের অধিকাংশ আগমন ও বহির্গমন ফ্লাইট বাতিল করতে হবে।

ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে আন্দোলন

বেলজিয়ামের ক্ষমতাসীন জোট সরকারের ব্যয় সংকোচন ও সংস্কারমূলক পদক্ষেপের প্রতিবাদে সোমবার (২৩ নভেম্বর) দেশজুড়ে ধর্মঘট ও বিক্ষোভের ডাক দিয়েছে শ্রমিক সংগঠনগুলো।

দেশটিতে প্রায় ২৫টি বিমান সংস্থার প্রতিনিধিত্বকারী সংগঠন বোর্ড অব এয়ারলাইন রিপ্রেজেন্টেটিভস ইন বেলজিয়াম জানিয়েছে, গত ১১ মাসে বেলজিয়ামের আকাশসীমায় এটি হবে ১১তম ধর্মঘট।

সোমবার (২৩ নভেম্বর) ব্রাসেলসে বড় ধরনের বিক্ষোভ সমাবেশেরও পরিকল্পনা রয়েছে শ্রমিক সংগঠনগুলোর। এর ফলে গণপরিবহন ব্যবস্থায় ব্যাপক বিঘ্ন ঘটতে পারে। পাশাপাশি স্কুল, সরকারি কার্যালয় ও বর্জ্য সংগ্রহ কার্যক্রমও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

উচ্চ বাজেট ঘাটতি কমাতে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে ওয়েভার আগামী কয়েক বছরে ১০ বিলিয়ন ইউরো (প্রায় ১১ বিলিয়ন ডলার) সাশ্রয়ের লক্ষ্যে ব্যয় সংকোচনমূলক বাজেট প্রণয়নের চেষ্টা করছেন। এ নিয়ে জোটের শরিকদের সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে।

এর আগে নভেম্বরের শুরুতে বাজেট নিয়ে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ায় পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী ডে ওয়েভার। তবে দেশটির রাজা ফিলিপ তার পদত্যাগপত্র গ্রহণ করেননি। বরং সমাধানে পৌঁছাতে প্রধানমন্ত্রীকে আরও সময় দিয়েছেন।

বিষয়:ধর্মঘট ও বিক্ষোভ ফ্লাইট বাতিল বেলজিয়াম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…