লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের শততম ম্যাচ খেলতে নেমে দারুণভাবে রাঙান চ্যাড বোয়েস। বিধ্বংসী ব্যাটিংয়ে ১০৩ বলে দ্রুততম ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েছেন নিউজিল্যান্ডের ব্যাটার।
ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের ঘরোয়া একদিনের টুর্নামেন্ট ফোর্ড ট্রফিতে ওটাগোর বিপক্ষে কেন্টারবুরির হয়ে ইনিংসটি খেলেন বোয়েস। ৫০ ওভারের স্বীকৃত ক্রিকেটে আগের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেডের। সাউথ অস্ট্রেলিয়ার হয়ে কুইন্সল্যান্ডের বিপক্ষে ২০২১ সালে ১১৪ বলে তিনি ডাবল সেঞ্চুরি করেছিলেন।
২৭ চার ও ৭ ছক্কায় সাজানো বোয়েসের ইতিহাস গড়া ইনিংসটি শেষ হয় ১১০ বলে ২০৫ রান করে। তার ব্যাটে ভর করে ৯ উইকেটে ৩৪৩ রানে থেমেছে ক্যান্টারবুরি। জবাবে ১০৩ রানে অলআউট হয় ওটাগো। ২৪০ রানের হারও নিউজিল্যান্ডের ঘরোয়া সাদা বলের ক্রিকেটে সবচেয়ে বড় ব্যবধানে হারের নজির।








