স্ক্রিনস অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডে (এসএজি) বাজিমাত করেছে ‘ওপেনহেইমার’ ও ‘দ্য বিয়ার’। খালি হাতে ফিরেছে ‘বার্বি।’
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের শ্রাইন মিলনায়তনে এসএজি’র ৩০তম আসর বসেছিলো যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ২৪ ফেব্রুয়ারি রাতে। ২০২৩ সালের সেরা অভিনয়শিল্পীদের পুরস্কার দেওয়া হয় এখানে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে নেটফ্লিক্স।
সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওপেনহেইমার’। একই ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন সিলিয়ান মারফি। ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’-এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন লিলি গ্ল্যাডস্টোন।
ডা’ভাইন জয় র্যানডলফ জিতেছেন সেরা সহ অভিনেত্রীর পুরস্কার। ‘দ্য হোল্ড ওভার’ চলচ্চিত্রের জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। ‘ওপেনহেইমার’-এর জন্য সেরা সহ অভিনেতার পুরস্কার উঠেছে রবার্ট ডাউনি জুনিয়রের হাতে।
এইচবিও-এর ‘সাকসেশন’ জিতেছে সেরা ড্রামা সিরিজের পুরস্কার। সেরা কমেডি সিরিজ হয়েছে ‘দ্য বিয়ার।’ সেরা অ্যাকশন সিরিজ হয়েছে ‘দ্য লাস্ট অব আস।’
ড্রামা সিরিজে ‘দ্য লাস্ট অব আস’-এর জন্য সেরা অভিনেতা হয়েছেন পেদ্রো প্যাসক্যাল। আর ‘দ্য ক্রাউন’-এ কাজের সুবাদে সেরা অভিনেত্রীর পুরস্কার গেছে এলিজাবেথ ডেবিকির ঘরে।
কমেডি সিরিজে ‘দ্য বিয়ার’-এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আয়ো অ্যাদিবিরি এবং সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন জেরেমি অ্যালেন হোয়াইট।
এসজিকে বলা হয় অস্কারের পূর্ব নির্ধারক। সাধারণত যে শিল্পীরা এসএজি জেতেন, তাদের হাতেই উঠে অস্কার। গিল্ড মেম্বাররাই অ্যাকাডেমি মেম্বার হিসেবে অস্কারে ভোট দেবেন। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ভোট। ১০ মার্চ বসবে অস্কারের আসর।
সূত্র: স্ক্রিন ডেইলি







