আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে রোলারকোস্টার থেকে ছিটকে পড়ে একজনের মৃত্যু

আহত কয়েকজন

যুক্তরাষ্ট্রে রোলারকোস্টার থেকে ছিটকে পড়ে একজনের মৃত্যু

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ’সিক্স ফ্ল্যাগস’ বিনোদন পার্কে রোলারকোস্টার দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

আটলান্টা শহর থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরে অবস্থিত পার্কটিতে এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। তবে নিহত ব্যক্তির পরিচয় এবং কীভাবে মৃত্যু হয়েছে, তা এখনো প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার পর পার্কটিতে একই ধরনের কয়েকটি রাইড সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার ১৩ অক্টোবর সিবিএস নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর সংবাদমাধ্যমের হেলিকপ্টার থেকে ধারণ করা ভিডিওতে ‘গোলিয়াথ’ নামের রোলারকোস্টারটি মাঝপথে থেমে থাকতে দেখা যায়। এ সময় পার্কের কর্মীরা যাত্রীদের নিরাপদে নামিয়ে আনতে সহায়তা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোলারকোস্টার চলার সময় এক ব্যক্তি তার আসন থেকে ছিটকে পড়েন। তাদের দাবি, ছিটকে পড়ার পর নিহত ব্যক্তি রাইডটির গায়ে এবং অন্য কয়েকজন যাত্রীর শরীরে আঘাত করেন। পরে তিনি পাশের একটি ভৌতিক বাড়ির আকর্ষণের ছাদের ওপর পড়েন।

এক দম্পতি জানান, রাইডটি চালু হওয়ার আগে কর্মীরা তাদের নিরাপত্তাব্যবস্থা পরীক্ষা করেছিলেন। দুর্ঘটনার সময় রোলারকোস্টারটির স্বয়ংক্রিয় ক্যামেরায় ঘটনাটি ধরা পড়ে থাকতে পারে বলেও দাবি করেছেন এক প্রত্যক্ষদর্শী। তবে প্রত্যক্ষদর্শীদের দেওয়া বিবরণ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এক বিবৃতিতে পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই তাদের কর্মীরা এবং স্থানীয় কর্তৃপক্ষ ব্যবস্থা নেন। তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করা হচ্ছে। একই সঙ্গে নিহত ব্যক্তির পরিবার ও স্বজনদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সিক্স ফ্ল্যাগসের বিভিন্ন পার্কে একই ধরনের রাইড সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বিষয়:আটলান্টা গোলিয়াথ জর্জিয়া যুক্তরাষ্ট্র রোলারকোস্টার সিক্স ফ্ল্যাগস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…