ট্রাম্পের নাগরিকত্ব নীতিতে আবার মার্কিন আদালতের নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার সীমিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নতুন নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির আরও একজন ফেডারেল বিচারক। এর ফলে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি বাস্তবায়নের প্রচেষ্টা আবারও আইনি বাধার মুখে পড়ল।
বুধবার (২৫ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওয়াশিংটন ডিসির ফেডারেল বিচারক ক্রিস্টোফার কুপার ট্রাম্পের গত আগস্টে জারি করা নির্বাহী আদেশ কার্যকরের ওপর প্রাথমিক নিষেধাজ্ঞা দেন। ওই আদেশের কারণে নাগরিকত্ব থেকে বঞ্চিত হতে পারে এমন শিশুদের পক্ষে দায়ের করা একটি সম্মিলিত মামলায় এ রায় দেন তিনি।
এর আগে গত সেপ্টেম্বরে মেরিল্যান্ডের আরেক ফেডারেল বিচারক একই নির্বাহী আদেশ কার্যকরের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন। ফলে আদেশটি বাস্তবায়ন করতে হলে ট্রাম্প প্রশাসনকে এখন দুটি আদালতের নিষেধাজ্ঞাই বাতিল করাতে হবে।
বিচারক ক্রিস্টোফার কুপার বলেন, এই মামলার আইনি ভিত্তি অত্যন্ত সুস্পষ্ট। সুপ্রিম কোর্ট দুবার নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্রের আইনি এখতিয়ারের বাইরে থাকা অল্প কয়েকটি ব্যতিক্রম ছাড়া দেশটিতে জন্ম নেওয়া সব শিশুই মার্কিন নাগরিক।
মামলার বাদীপক্ষের আইনজীবী ও আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের (এসিএলইউ) প্রতিনিধি কোডি উফসি বলেন, জন্মসূত্রে নাগরিকত্ব যে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠিত আইন, তা ট্রাম্পকে মেনে নিতে হবে। ১৮৯৮ সালে এবং চলতি বছরের শুরুতে সুপ্রিম কোর্ট এই অধিকার খর্ব করার প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছেন।
তবে আদালতের সিদ্ধান্তের সমালোচনা করেছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস অভিযোগ করেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নিয়োগ দেওয়া একজন বিচারক রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত রায়ের মাধ্যমে ট্রাম্পের কর্মসূচি বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন। তার দাবি, ট্রাম্পের নির্বাহী আদেশ সুপ্রিম কোর্টের রায় ও আইনি বিশ্লেষণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
২০২৫ সালে মার্কিন নাগরিক বা বৈধ স্থায়ী বাসিন্দা (গ্রিন কার্ডধারী) নন, এমন বাবা-মায়ের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগ নিয়েছিলেন ট্রাম্প। তবে চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ওই আদেশকে অসাংবিধানিক ঘোষণা করেন।
আদালত জানান, ট্রাম্পের ওই আদেশ মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনীর নাগরিকত্বসংক্রান্ত বিধান লঙ্ঘন করেছে। এই বিধান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া এবং দেশটির আইনি এখতিয়ারভুক্ত ব্যক্তিরা জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকারী।
সুপ্রিম কোর্টের ওই রায়ের পর গত আগস্টে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে নতুন নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। এতে মূলত ‘বার্থ ট্যুরিজম’ বা সন্তানকে মার্কিন নাগরিকত্ব পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্মদানের প্রবণতা ঠেকানোর উদ্যোগ নেওয়া হয়।
এছাড়া কূটনৈতিক দায়মুক্তি নেই এমন বিদেশি সরকার বা আন্তর্জাতিক সংস্থার কর্মীদের সন্তান এবং বাবা-মায়ের অন্তত একজন ‘শত্রুভাবাপন্ন বিদেশি’ হিসেবে শ্রেণিভুক্ত—এমন শিশুদেরও নাগরিকত্বের অধিকার সীমিত করার কথা বলা হয়।
তবে বিচারক কুপার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া এবং দেশটির আইনি এখতিয়ারভুক্ত শিশুদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে প্রেসিডেন্ট নতুন কোনো ব্যতিক্রম তৈরি করতে পারেন না।
আদালতের সর্বশেষ নিষেধাজ্ঞার ফলে মামলার আওতাভুক্ত শিশুদের বিরুদ্ধে ট্রাম্পের নির্বাহী আদেশ কার্যকর করতে পারবে না যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ এবং সামাজিক নিরাপত্তা প্রশাসন।





