বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম

ছবি: সংগৃহীত
বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ১০৩ ডলার ছাড়িয়েছে।
বুধবার ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ১ দশমিক ১৪ ডলার বেড়ে প্রতি ব্যারেল ১০৩ দশমিক ৭৩ ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৩৪ সেন্ট বা শূন্য দশমিক ৩৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৯ দশমিক ৭২ ডলারে উঠেছে।
আগের সেশনে মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেলের সরবরাহ পুনরুদ্ধার হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে কিছুটা পতন হয়েছিল। তবে ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্মতি দিতে পারেন বলে যে আলোচনা চলছিল, তা তিনি নাকচ করার পর বুধবার তেলের দাম আবার বাড়তে শুরু করে।
চলতি মাসে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৪ শতাংশ বাড়ার পথে রয়েছে। জুলাইয়ের পর এক মাসে এটি হতে যাচ্ছে ব্রেন্টের সবচেয়ে বড় মূল্যবৃদ্ধি।
এদিকে ডব্লিউটিআইয়ের দাম চলতি মাসে প্রায় ৪ শতাংশ বাড়তে পারে। এর আগে ডব্লিউটিআইয়ের দাম প্রতি ব্যারেল ১০৬ ডলার ছাড়িয়েছিল, যা মে মাসের পর প্রথমবারের মতো ওই পর্যায়ে পৌঁছায়।






