আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় চার সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় চার সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলা এবং ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও বেড়েছে। প্রায় ২ শতাংশ মূল্যবৃদ্ধির ফলে তেলের দাম গত চার সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হওয়ার পর দুই দেশের সংঘাত বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। বাজার বিশ্লেষকদের মতে, পরিস্থিতির আরও অবনতি হলে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে।

সর্বশেষ বাজার তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৬৮ ডলার বা ২ শতাংশ বেড়ে ৮৪ দশমিক ৯৮ ডলারে পৌঁছেছে।

অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৬৫ ডলার বা ২ দশমিক ১ শতাংশ বেড়ে ৭৯ দশমিক ৭৯ ডলারে লেনদেন হচ্ছে।

এর আগে সোমবারের লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম একদিনেই ৯ দশমিক ৬ শতাংশ বেড়েছিল। জ্বালানি খাতের বিশ্লেষকদের মতে, ২০২০ সালের মে মাসের পর এক দিনে এটি তেলের দামের সবচেয়ে বড় উল্লম্ফন।

বাজারসংশ্লিষ্টদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা দ্রুত প্রশমিত হওয়ার কোনো লক্ষণ না দেখা গেলে আগামী দিনগুলোতে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে।

বিষয়:অপরিশোধিত তেলইরানতেলের দামবিশ্ববাজারযুক্তরাষ্ট্র
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…