রাজনীতি

ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবন, নির্বাচনী প্রচার চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার আজ মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে শুরু হয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা নির্বাচনী প্রচার চালাতে পারবেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত প্রার্থীরা নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন।

আগামী নির্বাচনে অংশ নিতে যাওয়া বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা সকাল থেকেই ক্যাম্পাসে প্রচার চালাতে শুরু করেছেন। পোস্টার টানানো, লিফলেট বিতরণ ও ছাত্র-ছাত্রীদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তারা নিজেদের পক্ষে ভোট প্রার্থনা করছেন।

সোমবার রাত পৌনে ১০টায় জারি করা বিজ্ঞপ্তিতে ডাকসু নির্বাচনের প্রার্থীদের জন্য নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

ডাকসু নির্বাচনের প্রচারণায় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, সাদা কালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ছাপানো ও বিলি করা যাবে। কোনো প্রার্থী নিজের সাদাকালো ছবি ছাড়া অন্য কারো ছবি বা প্রতীক ব্যবহার করতে পারবে না।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হল এলাকায় অবস্থিত কোনো প্রকার স্থাপনা, দেয়াল, যানবাহন, বেড়া, গাছপালা, বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি বা অন্য কোনো দণ্ডায়মান বস্তুতে পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল লাগানো যাবে না।

কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল-এর ক্ষতিসাধন করা যাবে না। কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো ছাত্র সংগঠন, ব্যক্তি বা গোষ্ঠী কালি বা চুন বা কেমিক্যাল দ্বারা দেয়াল বা যানবাহনে কোনো লিখন, মুদ্রণ, ছাপচিত্র বা চিত্রাঙ্কন করে নির্বাচনী প্রচারণা চালাতে পারবে না।

নির্বাচন কমিশন সূত্র জানায়, ডাকসু ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থী নির্বাচনী আচরণবিধি মেনে ক্যাম্পাসে এবং আবাসিক হলে রাত ১১টা পর্যন্ত ব্যক্তি অথবা সাংগঠনিক পরিচয়ে প্রচার চালাতে পারবেন।

প্রচারকাজ চালানোর নির্ধারিত দিনগুলোতে সামাজিক, আর্থিক ও সেবামূলক সহযোগিতা বা কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না।

এছাড়া এই দিনগুলোতে প্রার্থীদের পক্ষ থেকে ক্যাম্পাসে বা হলে মজলিশ-মাহফিল আয়োজন করা কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচার চালানোর কাজ করা যাবে না। এগুলো স্পষ্টত নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন বলে বিবেচিত হবে এবং এক্ষেত্রে নির্বাচন আচরণ বিধিমালা ধারা-১৭ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচ্য হবে।

কমিশন জানায়, ছাত্রী হলগুলোতে প্রার্থীরা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত নির্বাচনী প্রচার চালাতে পারবেন।

বিষয়:ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ হল সংসদ নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…