সেমিফাইনালের আগেই চলতি ওয়ানডে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। ব্যর্থতার জেরে দেশটির ক্রিকেটে চলছে রদবদলের হাওয়া। তারই জেরে দলটির হেড কোচের দায়িত্ব পেয়েছেন মোহাম্মাদ হাফিজ। অতীতে কোচিংয়ের কোনো অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও ৪৩ বর্ষী সাবেক ক্রিকেটার এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন।
আপাতত অস্ট্রেলিয়ায় তিন টেস্ট ও নিউজিল্যান্ডে পাঁচ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের জন্য হাফিজকে কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সম্প্রতি তাকে টিম ডিরেক্টরের দায়িত্বও দেয়া হয়। সাবেক অলরাউন্ডার তাই একইসঙ্গে দুটি দায়িত্ব সামলাবেন।
চলতি বছরের শুরুতে পাকিস্তান দলে কোনো টিম ডিরেক্টর ছিল না। পিসিবির সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি এই পদে মিকি আর্থারকে নিয়োগ দেন। কোচ গ্রান্ট ব্র্যাডবার্নের সঙ্গে আর্থারের কাজের কোনো স্বতন্ত্র পার্থক্য লক্ষ্য করা যায়নি। বিষয়টি পিসিবির বর্তমান প্রশাসনকে কোচ ও টিম ডিরেক্টরের দায়িত্বে একজনকেই বেছে নিতে উৎসাহিত করেছে।
ইতিমধ্যে পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়কের পদ থেকে সরে গিয়েছেন বাবর আজম। টেস্ট অধিনায়কত্ব পেয়েছেন শান মাসুদ। পেসার শাহিন শাহ আফ্রিদি হয়েছেন টি-টুয়েন্টি ফরম্যাটের অধিনায়ক। পালাবদলের ঝড়ো হাওয়ায় আর্থার এবং ব্র্যাডবার্ন পাকিস্তান দলের সঙ্গে নাও থাকতে পারেন। যদিও পিসিবি কোনো ব্যাখ্যা ছাড়াই জানিয়েছেল, এ দুজনকে পুনর্নিযুক্ত করা হবে।
বিশ্বকাপের মাঝে প্রধান নির্বাচক পদ থেকে ইস্তফা দেন ইনজামাম উল হক। এখনো প্রধান নির্বাচক পদটি শূন্য রয়েছে। ইনজামামের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ওয়াহাব রিয়াজ।








