এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন শুরু, ফি কত আবেদন কীভাবে

এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে। এই পরীক্ষায় অংশ নিতে আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে শুরু হয়েছে আবেদনপ্রক্রিয়া। আগামী ৭ নভেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা।
ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, সাপ্লিমেন্টারি পরীক্ষায় তত্ত্বীয় প্রতি পত্র বা বিষয়ের জন্য ১২৫ টাকা এবং ব্যবহারিক প্রতি পত্র বা বিষয়ের জন্য ২৫ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া প্রত্যেক পরীক্ষার্থীকে কেন্দ্র ফি বাবদ দিতে হবে ৪৫০ টাকা। আগামী ১ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।
যেভাবে পূরণ করবেন আবেদন ফরম
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ([www.dhakaeducationboard.gov.bd](http://www.dhakaeducationboard.gov.bd)) প্রকাশ করা হবে।
তালিকায় নাম থাকা শিক্ষার্থীদের ৫ থেকে ৭ নভেম্বরের মধ্যে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে ফরম পূরণ করতে হবে। পরীক্ষার ফি সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে ঢাকা শিক্ষা বোর্ডের সচিবের অনুকূলে সোনালী সেবার মাধ্যমে জমা দিতে হবে। ফি জমা দেওয়ার শেষ সময় ৮ নভেম্বর।
ব্যাংকে টাকা জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত পরীক্ষার্থী তালিকা সক্রিয় হবে। এরপর শিক্ষাপ্রতিষ্ঠানকে তালিকা যাচাই করে পরীক্ষার্থীদের স্বাক্ষর নিতে হবে। তালিকার প্রতিটি পৃষ্ঠায় প্রতিষ্ঠানপ্রধানের স্বাক্ষরও বাধ্যতামূলক। পরীক্ষার্থীদের স্বাক্ষরসংবলিত চূড়ান্ত তালিকার প্রিন্ট কপি এবং ব্যাংকে টাকা জমার রসিদ শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।
একই নামে একাধিক শিক্ষার্থী থাকলে রেজিস্ট্রেশন নম্বর যাচাই করে প্রকৃত পরীক্ষার্থী নির্বাচন করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ভুল হলে তার দায়ভার সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
কত টাকা দিতে হবে পরীক্ষার্থীদের
ঢাকা শিক্ষা বোর্ডের নির্ধারিত ফি অনুযায়ী, সাপ্লিমেন্টারি পরীক্ষায় তত্ত্বীয় প্রতি পত্র বা বিষয়ের জন্য ১২৫ টাকা, ব্যবহারিক প্রতি পত্র বা বিষয়ের জন্য ২৫ টাকা এবং জনপ্রতি কেন্দ্র ফি ৪৫০ টাকা দিতে হবে। কেন্দ্র ফির ১০ শতাংশ নিজস্ব ব্যয় নির্বাহের জন্য রাখতে পারবে শিক্ষাপ্রতিষ্ঠান। বাকি ৯০ শতাংশ পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দিতে হবে। এ ছাড়া পরীক্ষাকেন্দ্রের যাবতীয় পরিচালন ব্যয় এবং বোর্ড অফিস থেকে উত্তরপত্র ও পরীক্ষা-সংশ্লিষ্ট অন্যান্য সরঞ্জাম সংগ্রহের খরচও কেন্দ্র ফির অর্থ থেকে বহন করা হবে।
কোন সিলেবাসে হবে পরীক্ষা
নিয়মিত পরীক্ষার্থীদের জন্য ২০২৬ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুসরণ করে সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া হবে। অন্যদিকে, অনিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে শিক্ষা বোর্ডের ২০২৫ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ ও ফি জমা দিয়ে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে।






