অর্থনীতি

নতুন মজুরি ঘোষণা ও বহিরাগতদের উসকানি বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নতুন মজুরি ঘোষণা ও বহিরাগতদের উসকানি বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ছবি: সংগৃহীত

ডিসেম্বরের মধ্যেই পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন। নিরপেক্ষ মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের জন্য যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করা হবে বলে জানান তিনি। শান্তিপূর্ণ শ্রমিকদের মধ্যে কিছু বহিরাগত ঢুকে উসকানি দিচ্ছে এবং উত্তেজনা ছড়িয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বলেও তিনি উল্লেখ করেন।

বুধবার (৪ নভেম্বর) রাতে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রমিক, মালিক ও সরকারের ত্রিপক্ষীয় জরুরি সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মাহ্দী আমিন।

তিনি বলেন, মজুরি বোর্ডের ওপর সরকারের পূর্ণ আস্থা রয়েছে। বোর্ডের শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে সবার কাছে গ্রহণযোগ্য, যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবেন। ইতোমধ্যে বোর্ডের প্রথম বৈঠক হয়েছে। দ্বিতীয় বৈঠকের তারিখও শিগগির ঘোষণা করা হবে। নভেম্বর ও ডিসেম্বরজুড়ে নিবিড়ভাবে কাজ করে ডিসেম্বরের মধ্যেই নতুন মজুরি ঘোষণা করা হবে।

মাহ্দী আমিন বলেন, নতুন মজুরি নির্ধারণের ক্ষেত্রে শ্রমিকদের স্বার্থ, পোশাকশিল্পের স্বার্থ এবং দেশের জাতীয় স্বার্থ সুরক্ষিত রাখা হবে। শ্রমিকদের শ্রম ও ঘামের ওপর দাঁড়িয়েই বিশ্বজুড়ে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ড পরিচিতি পেয়েছে। তাই সরকার সবসময় আন্তরিকতার সঙ্গে তাদের পাশে থাকবে।

পোশাকশিল্পের উন্নয়নে শ্রমিক, মালিক ও সরকারকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই এ খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি ও নির্দেশনা অনুযায়ী দ্রুত নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে। আগে পাঁচ বছর পরপর মজুরি বোর্ড গঠন করা হলেও এবার তিন বছরের ব্যবধানে তা পুনর্গঠন করা হয়েছে।

শিল্পকারখানায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে মাহ্দী আমিন বলেন, বৈঠকে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও সদিচ্ছা দেখা গেছে। সরকার চায়, প্রতিটি কারখানায়ও এমন পরিবেশ বজায় থাকুক। বৃহস্পতিবার থেকেই শ্রমিকেরা স্বাভাবিক ও শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি মজুরি বোর্ডের সঙ্গে নিয়মিত আলোচনা অব্যাহত থাকবে।

তবে পোশাকশিল্পকে অস্থিতিশীল করার সুপরিকল্পিত অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন এই উপদেষ্টা। তিনি বলেন, শান্তিপূর্ণ শ্রমিকদের মধ্যে কিছু বহিরাগত ঢুকে উসকানি দিচ্ছে এবং উত্তেজনা ছড়িয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। কিছু সহিংসতা ও নাশকতার ঘটনাও ঘটেছে, যার সঙ্গে সাধারণ শ্রমিকেরা জড়িত নন।

এ পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মাহ্দী আমিন বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। তারা প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নিশ্চিত করবে।

সভায় আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ, গার্মেন্টস টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজু আহমেদ এবং গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশুসহ মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা।

বিষয়:নিরপেক্ষ মজুরি বোর্ড ন্যায্য মজুরি নির্ধারণ মাহ্দী আমিন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…