চোটের কারণে ভারতের বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলছেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। নেতৃত্ব পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক বললেন, গর্বের দিন।
স্বাগতিক কাপ্তান রোহিত শর্মা কয়েন শূন্যে ভাসাতেই শান্ত বলে ওঠেন হেড। মাটিতে কয়েন পড়লে দেখা যায় হেডই দৃশ্যমান। টস জয়ের পর বাঁহাতি ব্যাটার নেতৃত্ব প্রসঙ্গে বলেন, ‘আমার এবং পরিবারের জন্য গর্বের মুহূর্ত।’
আগে ব্যাট করার পরিকল্পনা প্রসঙ্গে ২৫ বর্ষী শান্তর ভাষ্য, ‘আমরা আজ ব্যাট করতে চাই। উইকেট সজীব মনে হচ্ছে। আমরা পর্যাপ্ত স্কোর সংগ্রহ করতে পারলে সেটা দলের জন্য ভালো হবে।’
২০১৯ বিশ্বকাপের পর বাংলাদেশ-ভারত ওয়ানডে ম্যাচে জয়-পরাজয়ের হিসাবে এগিয়ে টিম টাইগার্স। চার ম্যাচের ৩টিতে জয় তুলেছে টাইগাররা, ভারত একটিতে। ওয়েস্ট ইন্ডিজে হওয়া ২০০৭ বিশ্বকাপেই শুধু বিশ্বমঞ্চে এই প্রতিপক্ষের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। অতীত থেকে অনুপ্রেরণা নিয়ে আজও জয় নিয়ে মাঠ ছাড়তে চান শান্ত।
‘ভারতের বিপক্ষে আমাদের দারুণ কিছু স্মৃতি আছে। আশা করি আমরা ফর্ম ধরে রাখবো। এটা একটি দুর্দান্ত ম্যাচ হবে বলে প্রত্যাশা। দর্শকের ভিড় দেখতে আমরা ভালোবাসি। দুই দলকেই তারা সমর্থন করবে বলেই আশা রাখছি।’







