ক্রিকেট

আগুনে ঝলসে গেল ইডেনের ড্রেসিংরুম

ইডেনের ড্রেসিংরুমে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে দমকল বাহিনী. Channel i News - চ্যানেল আই নিউজ

ইডেনের ড্রেসিংরুমে আগুন লাগার পর দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ওয়ানডে বিশ্বকাপ শুরুর দুই মাসেরও কম বাকি। এরমাঝেই আগুনে ঝলসে গেল আসরের অন্যতম ভেন্যু কলকাতার ইডেন গার্ডেন্সের অ্যাওয়ে ড্রেসিংরুম। অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, জানাচ্ছে ভারতের গণমাধ্যম।

বুধবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়, জানিয়েছে দমকল বাহিনীর কর্তৃপক্ষ। অ্যাওয়ে ড্রেসিংরুমের স্টিম রুম থেকে আগুনের সূত্রপাত ঘটে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিক খবর। ড্রেসিংরুমের ফলস সিলিং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডের সময় খেলোয়াড়দের কিছু ক্রিকেট সরঞ্জামও সেখানে ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে একঘণ্টার বেশি সময় লাগে। দমকলের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ইডেনে সম্প্রতি ঘুরে গিয়েছে আইসিসির প্রতিনিধিদল। তাদের সঙ্গে বিসিসিআই ও সম্প্রচারকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও ছিলেন। মাঠের অবকাঠামো দেখার পাশাপাশি তারা গিয়েছিলেন ড্রেসিংরুমেও, কর্পোরেট বক্সসহ বিভিন্ন জায়গা পরিদর্শন করে যান।

বিশ্বকাপ সামনে রেখে স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে। ইডেন গার্ডেন্সে বছরের শেষদিকে ওয়ানডে বিশ্বকাপের একটি সেমিফাইনালসহ পাঁচটি ম্যাচ হবে। ২৮ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ভেন্যুটিতে ৩১ অক্টোবর টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান।

বিষয়:আগুন ইডেন গার্ডেন্স ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ কলকাতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…