গর্বের পদ্মা সেতু ঘুরে বিশ্বকাপ ট্রফির ঠিকানা এখন বাংলাদেশের ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম। টাইগার ক্রিকেটাররা এটির খুব কাছ থেকে ছবি তুললেন। সাত সকালেই স্টেডিয়ামের সবুজ প্রাঙ্গন হয়ে উঠল আনন্দমুখর।
এই আনন্দ হাজারগুণ বেড়ে যাবে যদি বাংলাদেশ বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ভারত থেকে ফিরতে পারে। সেই পথের প্রস্তুতি আজ শুরু করতে যাচ্ছে টিম টাইগার্স, স্কিল ট্রেনিংয়ের মাধ্যমে। বিকেলে ওয়ানডে অধিনায়ক ঘোষণার মধ্য দিয়ে বিশ্বকাপ-পরিকল্পনায় অগ্রসর হবে বাংলাদেশ।
বিশ্বকাপের ট্রফি এর আগেও বহুবার বাংলাদেশে এসেছে। তবে সেটি অর্জনের হাতছানি ছিল না কখনোই। বিশ্বকাপ ঘরে আনা নিয়ে ছিল না বড় স্বপ্নও।
ওয়ানডেতে ধারাবাহিক সাফল্যের পথচলায় এবার শিরোপা জয়ের স্বপ্ন দেখছে টাইগার ক্রিকেট। আর তাই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ট্রফির বাংলাদেশ ভ্রমণ ছড়িয়েছে আলাদা উন্মাদনা।








