উড়ন্ত জয়ে বিশ্বকাপ দারুণভাবে শুরু করেছিল বাংলাদেশ। পরে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে ধরাশায়ী হয়ে সাকিব আল হাসানের দল ব্যাকফুটে আছে। সেমিফাইনালে যাওয়ার আশাটা ধরে রাখতে পরের ম্যাচে ভারতের বিপক্ষে জয় টাইগারদের জন্য দরকারি।
ভারতের বিপক্ষে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বৃহস্পতিবার নিজেদের চতুর্থ ম্যাচে নামবে সাকিবের দল। ভারতের বিপক্ষে সাম্প্রতিক সময়ে জয়ের সুখস্মৃতি আছে চণ্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের। সামনে এবার আরেকটি সুযোগ, সেটিও বিশ্বমঞ্চে।
সবশেষ দেখায় এশিয়া কাপেও ভারতকে হারিয়েছে বাংলাদেশ। বিশ্বকাপ ভিন্ন মঞ্চ হলেও বাংলাদেশের বিপক্ষে ‘অঘটন’ হবে কিনা এমন প্রশ্নও উঠল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে। ভারতের বোলিং কোচ পারাস মামব্রেকে দিয়েছেন উত্তর। মামব্রে বললেন, ‘সত্যি বলতে যখন বিশ্বকাপে খেলবেন, সব দল চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে। বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি।’
‘অঘটন হতে পারে। আমাদের দৃষ্টিতে সব ম্যাচ সমান। কারণ নয়টা দলের সঙ্গে নয় ভিন্ন ভেন্যুতে, নানারকম মাঠে হরেক ধরনের চ্যালেঞ্জ আমাদের সামনে আসতে পারে। আমরা তার জন্য প্রস্তুত আছি। বাংলাদেশ কিংবা নেদারল্যান্ডস, যে দলই হোক না কেনো, সব ম্যাচই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ।’
‘এটা একটা ম্যাচ। নিজের পরিকল্পনা ও সামর্থ্য বাস্তবায়ন করতে হবে। তারা শক্তিশালী দল। সকল প্রতিপক্ষ ও সকল ম্যাচ আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’
টিম ইন্ডিয়ার বিপক্ষে এপর্যন্ত একদিনের ক্রিকেটে আটবার জিতেছে টিম টাইগার্স। ২০০৭ বিশ্বকাপে টাইগারদের কাছে হেরে গিয়েছিল দুবারের শিরোপাধারীরা, শেষ চার দেখায় তিনটিতেই বাংলাদেশ জিতেছে।
ভারতের বোলিং কোচের ভাষ্য, ‘আমরা অঘটনের দিকটা ভাবছি না। এ ম্যাচ থেকে কী অর্জন করতে পারি, সেটা নিয়ে ভাবছি। আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করাটাই আসল কাজ। প্রতিপক্ষ নিয়ে বেশি আলোচনা হচ্ছে না।’







