গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের দল রংপুর রাইডার্স। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে দারুণ ছন্দে ছিলেন সৌম্য সরকার। আসর শেষে একই কন্ডিশনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য বাংলাদেশ দলে যোগ দিয়েছেন সৌম্য সরকার। শুধু সৌম্য নয়, ক্যারিবিয়ানে টুর্নামেন্ট খেলে টাইগারদের ওয়ানডে দলে যুক্ত হয়েছেন আফিফ হোসেন ধ্রুব ও রিশাদ হোসেন। উইন্ডিজ সিরিজের দলের সাথে অনুশীলনে না থাকলেও একই কন্ডিশনে খেলাতে তিন ক্রিকেটার এগিয়েই থাকবেন, বলছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
সেন্ট কিটসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমটিতে রাতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-উইন্ডিজ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে মাঠের লড়াই। ক্যারিবীয়দের বিপক্ষে সবশেষ চারটি ওয়ানডে সিরিজই জিতেছে টিম টাইগার্স।
সদ্যগত গ্লোবাল লিগে চ্যাম্পিয়ন হওয়ার পথে রংপুরের হয়ে পাঁচ ম্যাচে ২৭, ৫১, ২, ২২ এবং ৮৬* রানের ইনিংস খেলেছেন সৌম্য। যা উইন্ডিজের মাটিতে লাল-সবুজদের এগিয়ে রাখবেন, ধারণা মিরাজের।
ম্যাচের আগে মিরাজ বলেছেন, ‘দেখেন, এটা কিন্তু ভালো একটা দিক। ওরা তিনজন খেলার ভেতরেই আছে আর অনুশীলনের চেয়ে তো খেলাটাই বেশি গুরুত্বপূর্ণ। যেহেতু ওরা একই কন্ডিশনে আছে, ওয়েস্ট ইন্ডিজেই, তাই ওদের দলে যোগ দেয়াটাই বেশি জরুরি। যেহেতু সৌম্য এই কন্ডিশনে ভালো খেলেছে, সেটাও দলের জন্য একটি আলাদা প্রাপ্তি। দলে যারা তরুণ খেলোয়াড় আছে, তাদের সামনে আসলে দারুণ সুযোগ থাকবে পারফর্ম করার জন্য।’







