সুপারশপের কেনাকাটায় সাড়ে ৭ শতাংশ ভ্যাট তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে ক্রেতাকে বাড়তি ভ্যাট দিতে হবে না। পণ্যের গায়ে মূল্য হিসেবে যে দাম লেখা থাকবে, তা দিলেই চলবে।
জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়েছে: সুপারশপ প্রতিষ্ঠানগুলো যেহেতু বিভিন্ন ধরনের পণ্য আমদানি বা স্থানীয়ভাবে ক্রয়পূর্বক (উৎপাদন ব্যতীত) সরবরাহ করে থাকে, সেহেতু, সুপারশপ কর্তৃক সরবরাহের ক্ষেত্রে ১৫ শতাংশ হারে ভ্যাট পরিশোধ করা হলে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর অন্যান্য বিধানাবলি পরিপালন সাপেক্ষে উপকরণ কর রেয়াত গ্রহণের ক্ষেত্রে উপকরণ-উৎপাদ সহগ ঘোষণা (মূসক-৪.৩) দাখিল করতে হবে না।
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৩২ক এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ এর বিধি ১১৮ক এ প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো।
এতে সই করেছেন এনবিআরের দ্বিতীয় সচিব (মূসক আইন ও বিধি) ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সী।
সবশেষ বাজেটে সুপারশপের কেনাকাটার ওপর সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট ধার্য করা হয়। সুপারশপে বিভিন্ন পণ্যে ১৫ শতাংশ ভ্যাট অন্তর্ভুক্ত থাকে। মালিকেরা নিজেদের মূল্য সংযোজনের অংশের ভ্যাট দেবেন।
এছাড়া উৎপাদন পর্যায়ে যেসব পণ্যে ভ্যাট নেই, সেগুলোর ক্ষেত্রে সুপারশপের মালিকেরা ভ্যাট দেবেন না।
আটা, ময়দা, আদা ইত্যাদি পণ্যে উৎপাদন পর্যায়ে ভ্যাট নেই। তবে এ জন্য সুপারশপের মালিকদের ভ্যাটের চালান দেয় এমন প্রতিষ্ঠানের কাছ থেকে পণ্য কিনতে হবে।









