অর্থনীতি

এনবিআরের ১৫ কর পরিদর্শকের পদোন্নতি

নতুন কর্মস্থলে পদায়ন

এনবিআরের ১৫ কর পরিদর্শকের পদোন্নতি

ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর বিভাগে কর্মরত ১৫ জন কর পরিদর্শককে ‘অতিরিক্ত সহকারী কর কমিশনার’ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির পাশাপাশি তাদের বিভিন্ন কর অঞ্চল ও কর আপিল অঞ্চলে বদলি ও পদায়ন করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) এনবিআরের দ্বিতীয় সচিব (কর প্রশাসন-২) মো. আনিসুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদোন্নতি ও পদায়নের তথ্য জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, মো. আবদুল্লাহ আল-মামুনকে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট-ঢাকা থেকে কর অঞ্চল-রংপুরে পদায়ন করা হয়েছে।

মো. মিজানুর রহমানকে কর অঞ্চল-১৩, ঢাকা থেকে কর অঞ্চল-২, চট্টগ্রামে এবং জি এম আনোয়ার হোসেনকে কর আপিল অঞ্চল-৪, ঢাকা থেকে কর অঞ্চল-১৬, ঢাকায় পদায়ন করা হয়েছে।
এছাড়া মো. সেলিম হোসেনকে কর পরিদর্শন পরিদপ্তর, ঢাকা থেকে কর অঞ্চল-পাবনায় এবং বিপ্লব চন্দ্র রায়কে কর অঞ্চল-১০, ঢাকা থেকে কর অঞ্চল-দিনাজপুরে পদায়ন করা হয়েছে।

মো. ইব্রাহিম খলিলকে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট থেকে কর আপিল অঞ্চল-৬, ঢাকায় এবং বেগম ইয়াসমিন আরাকে কর অঞ্চল-১৩, ঢাকা থেকে কর আপিল অঞ্চল-৫, ঢাকায় পদায়ন করা হয়েছে। মোহাম্মদ আরিফুল হক খানকে কর অঞ্চল-১৬, ঢাকা থেকে কর অঞ্চল-পাবনায় দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, মোহাম্মদ মহিউদ্দীনকে কর অঞ্চল-১, ঢাকা থেকে কর অঞ্চল-বরিশালে এবং মনির হোসেনকে ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট থেকে কর আপিল অঞ্চল-২, চট্টগ্রামে পদায়ন করা হয়েছে।

দেবাশীষ শীলকে কর অঞ্চল-রাজশাহী থেকে কর অঞ্চল-বগুড়ায় এবং স. ম. মুস্তাফিজুর রহমানকে কর অঞ্চল-১৩, ঢাকা থেকে কর অঞ্চল-৬, চট্টগ্রামে পদায়ন করা হয়েছে। মো. মাহফুজুল হককে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট থেকে কর অঞ্চল-যশোরে এবং নারায়ণ চন্দ্র সরকারকে কেন্দ্রীয় কর জরিপ অঞ্চল থেকে কর আপিল অঞ্চল-রাজশাহীতে পদায়ন করা হয়েছে।

এছাড়া মো. হুমায়ুন কবিরকে কর অঞ্চল-৮, ঢাকা থেকে কর অঞ্চল-পাবনায় পদায়ন করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, জ্যেষ্ঠতা, শৃঙ্খলা বা অন্য কোনো কারণে পদোন্নতিপ্রাপ্ত কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হলে তাকে কোনো কারণ দর্শানো ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে পূর্বের পদে ফিরিয়ে নেওয়া হবে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

বিষয়:অতিরিক্ত সহকারী কর কমিশনার আয়কর বিভাগ এনবিআর কর পরিদর্শক জাতীয় রাজস্ব বোর্ড পদে পদোন্নতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…