রাজনীতি

‘পলাতক স্বৈরাচার আর কখনো দেশে ফিরতে পারবে না’

‘পলাতক স্বৈরাচার আর কখনো দেশে ফিরতে পারবে না’

সংগৃহীত।

মানবতাবিরোধী অপরাধ করে দেশ থেকে পালিয়ে যাওয়া স্বৈরাচার আর কখনো বাংলাদেশে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, বিদেশে বসে দেশে ফেরার আওয়াজ তুললেও তাদের ফেরার কোনো সম্ভাবনা নেই।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে দুই দিনব্যাপী বিশেষ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, ডিসেম্বর ঘনিয়ে আসছে এবং পালিয়ে যাওয়া স্বৈরাচার বিদেশে বসে দেশে ফেরার আওয়াজ তুলছে। তবে জেনে রাখুন, তাদের ফেরার কোনো সম্ভাবনা নেই।

তিনি বলেন, পালিয়ে যাওয়ার আগে তারা যে মানবিক বিপর্যয় ও ধ্বংসযজ্ঞ চালিয়ে গেছে, জাদুঘর ও এই প্রদর্শনীর মাধ্যমে সেই স্মৃতিকে জনগণের হৃদয়ে চিরজাগ্রত রাখা হবে, যাতে জনগণ তাদের চিরতরে প্রত্যাখ্যান করে।

পলাতক দলটি বাংলাদেশে কী করেছে এবং কী ধরনের ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তা ধারাবাহিকভাবে তুলে ধরার কথা জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, ‘আমরা এসব ঘটনা ক্রমাগত সতেজ ও সজীব করে তুলে ধরতে চাই। যেন শেখ হাসিনা তো বটেই, তার পার্টিরও কবর রচিত হয়। এটা জোর করে করতে হবে না, তাদের অপকর্মের মাত্রা এতটাই বেশি যে মানুষ মন থেকে সেটা উপলব্ধি করেই তাদের প্রত্যাখ্যান করবে।’

জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদের আত্মত্যাগকে সমান মর্যাদায় মূল্যায়ন করে তাদের স্মৃতিস্মারক পর্যায়ক্রমে স্থায়ী জাদুঘরে প্রদর্শন করা হবে বলে জানান উপদেষ্টা। একই সঙ্গে সংগৃহীত স্মারক যাতে অবহেলিত না থাকে, সেজন্য ঘূর্ণায়মান পদ্ধতিতে প্রদর্শনী চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

তিনি জানান, এ সীমাবদ্ধতা দূর করতে জাদুঘরের অন্তত দুটি কক্ষ নির্দিষ্ট করার সিদ্ধান্ত হয়েছে। সেখানে প্রতি ১৫ দিন বা এক মাস পরপর একেক দলের স্মারক পর্যায়ক্রমে প্রদর্শন করা হবে। এতে প্রতিটি শহীদ পরিবারের স্মারক দর্শনার্থীদের সামনে তুলে ধরার সুযোগ তৈরি হবে। এ ছাড়া জাদুঘরের ব্যবস্থাপনা ও পরিসর আরও উন্নত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানের শুরুতে জাদুঘরের কার্যক্রম ও প্রদর্শনীর পটভূমি তুলে ধরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ বলেন, জুলাই গণঅভ্যুত্থান এবং বিগত দেড় দশকের স্বৈরাচারের ইতিহাস সংরক্ষণ ও গবেষণার লক্ষ্যেই এ জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে। শহীদদের ব্যবহৃত স্মৃতিস্মারক সংগ্রহের উন্মুক্ত আহ্বানে এখন পর্যন্ত ৫৯০ জন শহীদের স্মৃতিস্মারক তাদের কাছে সংরক্ষিত হয়েছে।

তিনি জানান, জাদুঘরের নিয়মিত গ্যালারিতে স্থানসংকুলান না হওয়ায় বর্তমানে ২০৫ জন শহীদের ৫ শতাধিক স্মারক স্থায়ীভাবে প্রদর্শন করা সম্ভব হচ্ছে। তবে সংগ্রহে প্রায় দেড় থেকে ২ হাজার স্মারক রয়েছে। সংগৃহীত স্মৃতিচিহ্নগুলো যেন দেশবাসী ও শহীদ পরিবারের সদস্যরা দেখতে পারেন এবং তাদের আত্মত্যাগের ইতিহাস স্মরণ করতে পারেন, সেই তাগিদ থেকেই দেশের সর্ববৃহৎ এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

দুই দিনব্যাপী বিশেষ প্রদর্শনী ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিষয়:আওয়ামী লীগ জুলাই গণঅভ্যুত্থান সংস্কৃতি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…