স্বামীর নির্যাতনে সদ্য মা হওয়া ইরানি কিশোরীর মৃত্যু!

ছবি: সংগৃহীত
ইরানে পরিবারের সঙ্গে দেখা করতে চাওয়ায় স্বামীর পিটুনিতে সোগান্দ মোশতারেকি নামের ১৪ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে। ঘটনার মাত্র কয়েক দিন আগে সন্তান জন্ম দিয়েছিলেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) জানিয়েছে, সোগান্দের ২০ বছর বয়সী স্বামী হত্যার কথা স্বীকার করেছেন। এর কারণ হিসেবে তিনি ‘পারিবারিক বিবাদের’ কথা উল্লেখ করেছেন।
কেরমান প্রদেশের বাসিন্দা সোগান্দ সন্তান প্রসবের জন্য হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন। দুর্ঘটনা থেকে বেঁচে সুস্থভাবে সন্তান জন্ম দিলেও শেষ পর্যন্ত স্বামীর নির্যাতনে প্রাণ হারান তিনি।
আইএইচআর জানিয়েছে, পরিবারের সঙ্গে সোগান্দের যোগাযোগের ওপর কড়াকড়ি আরোপ করেছিলেন তার স্বামী। এমনকি বাইরে যাওয়ার সময় তাকে ঘরে তালাবদ্ধ করে রাখতেন।
সংস্থাটির মতে, এ হত্যাকাণ্ড ইরানে জোরপূর্বক বিয়ের ভয়াবহ পরিণতি তুলে ধরেছে। বৈষম্যমূলক আইন, পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা ও অপরাধীদের দায়মুক্তির কারণে দেশটিতে নারীর প্রতি এমন সহিংসতা অব্যাহত রয়েছে।
সোগান্দের মৃত্যুর দিনেই ইরানের ফার্স প্রদেশে স্বামীর হাতে প্রাণ হারান সেপিদেহ রাইসি নামের ২১ বছর বয়সী এক অন্তঃসত্ত্বা নারী। তাকেও জোরপূর্বক বিয়ে দেওয়া হয়েছিল।
এর আগে চলতি মাসে দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর সানান্দাজে হেলিয়া ফাত্তাহি নামের ১৯ বছর বয়সী এক তরুণীকে হত্যার অভিযোগ ওঠে তার বাবা-মায়ের বিরুদ্ধে। দুই মাসের অন্তঃসত্ত্বা হওয়ার খবর পরিবারকে জানানোর পর তাকে মারধর ও শ্বাসরোধে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় হেলিয়ার বাবা-মাকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। দুজনই হত্যার কথা স্বীকার করেছেন। মানবাধিকার সংস্থা হেনগাও ও হানা ঘটনাটিকে তথাকথিত ‘সম্মান রক্ষার নামে হত্যাকাণ্ড’ বা ‘অনার কিলিং’ হিসেবে অভিহিত করেছে।





