নভেম্বরে সেন্টমার্টিনে রাতে থাকা যাবে না, ফেব্রুয়ারিতে ভ্রমণ বন্ধ

সেন্টমার্টিনের সৈকত ও সমুদ্রের শান্ত ও সুন্দর দৃশ্য, যেখানে ঢেউ এসে সমুদ্রের পাড়ে আছড়ে পড়ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
সেন্টমার্টিন ভ্রমণ সীমিত করে নতুন নির্দেশনার কথা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আাগামী নভেম্বর মাসে সেন্টমার্টিনে ভ্রমণ করা গেলেও রাত্রিযাপন করতে পারবেন না পর্যটকরা। এছাড়া ফেব্রুয়ারি মাসে এই প্রবাল দ্বীপে পর্যটন পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে।
মঙ্গলবার (২২ অক্টোবর) হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গী এ তথ্য জানান।
অপূর্ব জাহাঙ্গীর জানান, সেন্টমার্টিনে শুধুমাত্র ডিসেম্বর ও জানুয়ারি মাসে রাত্রিযাপন করতে পারবেন পর্যটকরা। সেক্ষেত্রে মাত্র দুই হাজার জন রাত্রিযাপনের সুযোগ পাবেন।
আর ফেব্রুয়ারি মাসে এই প্রবাল দ্বীপে পর্যটন পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে।
এর আগে সেন্টমার্টিন দ্বীপে পর্যটক সীমিত ও রাতযাপন নিষিদ্ধ না করে বরং ব্যবস্থাপনার সক্ষমতা ও পরিবেশ রক্ষার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে দ্বীপটির জীববৈচিত্র্য রক্ষার দাবি জানিয়েছিল দ্বীপবাসী ও পর্যটন সংশ্লিষ্ট বেসরকারি খাতের অংশীজনরা।






