এই খবরটি পডকাস্টে শুনুনঃ
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে বোমা উদ্ধারের ঘটনার সঙ্গে মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনের নিচ থেকে উদ্ধার হওয়া বোমা সদৃশ বস্তুর কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
শনিবার (১ আগস্ট) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক এ তথ্য জানান।
তিনি বলেন, মতিঝিলে উদ্ধার হওয়া বিস্ফোরকের ঘটনার সঙ্গে মিরপুর-১০ ও ফার্মগেটে উদ্ধার হওয়া বোমা সদৃশ বস্তুর কোনো ধরনের সম্পর্ক বা যোগসূত্র এখন পর্যন্ত পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত ও প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে পাওয়া ব্যাগে পান, সুপারি, জর্দাসহ কিছু সাধারণ সামগ্রী ছিল। অন্যদিকে ফার্মগেটে উদ্ধার হওয়া বস্তার ভেতরে ছিল পরিত্যক্ত ময়লা-আবর্জনা। ফলে দুটি ঘটনাকেই বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
কারা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে বা এর পেছনে কোনো সংঘবদ্ধ অপরাধী চক্র রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে শামসুল হক বলেন, তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
এ ধরনের ঘটনার সঙ্গে জঙ্গিবাদের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করা সমীচীন হবে না।
মতিঝিলে বোমা উদ্ধারের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে তিনি জানান, ওই ঘটনায় পুলিশ, সিটিটিসি ও গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে কাজ করছে। নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা গণমাধ্যমকে জানানো হবে।
বিভিন্ন স্থানে সিসিটিভি ফুটেজ না পাওয়া বা ক্যামেরা বন্ধ থাকার বিষয়ে প্রশ্ন করা হলে সিটিটিসি প্রধান বলেন, সিসিটিভি ফুটেজসহ সংশ্লিষ্ট সব বিষয়ই তদন্তের আওতায় রয়েছে। তদন্ত শেষ হলে বিষয়গুলো পরিষ্কার হবে।
রাজধানীজুড়ে সাম্প্রতিক বোমা আতঙ্ক প্রসঙ্গে তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সন্দেহজনক কোনো বস্তু পাওয়া গেলে পুলিশ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। তবে গুজব বা অযথা আতঙ্ক ছড়ানো থেকে সবাইকে বিরত থাকতে হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোহাম্মদ শামসুল হক বলেন, শনিবার মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন ও ফার্মগেট এলাকায় বোমা সদৃশ বস্তু থাকার খবর পাওয়ার পর সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পরীক্ষা-নিরীক্ষা চালায়। এতে নিশ্চিত হওয়া যায়, উদ্ধার হওয়া বস্তুগুলো কোনো বিস্ফোরক নয় এবং জননিরাপত্তার জন্য কোনো ধরনের হুমকিও ছিল না।
তিনি আরও জানান, এর আগে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধারের ঘটনাতেও সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট পেশাদারিত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে জননিরাপত্তা নিশ্চিত করেছে।
সবশেষে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সন্দেহজনক কোনো বস্তু বা কার্যকলাপ দেখলে তা স্পর্শ না করে নিরাপদ দূরত্বে অবস্থান করতে হবে এবং দ্রুত নিকটস্থ থানা, জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।







