চিত্রনায়ক নিরব দীর্ঘদিন ধরে ফ্যাশন ব্র্যান্ড ভাসাভি’র শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন। এই ব্র্যান্ডের অংসখ্য ফটোশুটে তিনি বাংলাদেশ ও কলকাতার জনপ্রিয় নায়িকাদের নিয়ে কাজ করেছেন। তবে এবার একটু ব্যতিক্রম হলো।
একেবারে নতুন এক মডেলের সঙ্গে তিনি ভাসাভির নতুন কালেকশনের ফটোশুটে অংশ নিলেন। এই নতুন মুখের নাম ইভা চৌধুরী।
জানা গেছে, এই এক্সক্লুসিভ ফটোশুটটি বাইফা ম্যাগাজিনের জন্য করা হয়েছে। এতে নিরব ও ইভা বেশকিছু ভিন্ন ভিন্ন কাটিং প্যাটার্নের পোশাকে পোজ দিয়েছেন। ফটোশুটটি নির্দেশনা দিয়েছেন ফ্যাশন কোরিওগ্রাফার ইমু হাশমি। মেকাপ আর্টিস্ট ছিলেন সাজ্জাদ হোসেন পিয়াস।
নিরব বলেন, ‘আমি সিনেমার বাইরে নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের ফটোশুটই করি। কিন্তু বাইফা ম্যাগাজিনের জন্য এই ফটোশুটটির প্রস্তাব পেয়ে না করতে পারিনি। কারণ বাইফা অ্যাওয়ার্ড আমাদের দেশের শিল্পী ও সিনেমাপ্রেমীদের কাছে সম্মানের জায়গায় আছে। তাদেরই নতুন উদ্যোগের সঙ্গে থাকতে পেরে ভালো লাগছে।
ইভা চৌধুরী বলেন, শোবিজের প্রতি তীব্র ভালোবাসা থেকেই মডেলিংয়ে আসা। ক্যারিয়ারের শুরুতেই ভাসাভির মতো জনপ্রিয় ব্র্যান্ডের মডেল হওয়া, ভীষণ জনপ্রিয় নায়ক নিরব ভাইয়ার সঙ্গে কাজ করা যেন স্বপ্নের মতো মনে হচ্ছে। আমি ভীষণ সৌভাগ্যবতী। ভালো প্রস্তাব পেলে অভিনয়েও নিয়মিত হতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভালো ভালো কাজ নিয়ে সবার মন জয় করতে পারি।








