নিজের শেষ বিশ্বকাপটা খেলে ফেলছেন নেইমার জুনিয়র। মেটলাইফ স্টেডিয়ামে নরওয়ের কাছে হেরে বিদায়ের পর বলেছিলেন, ‘এখানেই শেষ’। ক্লাব ফুটবলে বর্তমানে সান্তোসে আছেন, আগামী ডিসেম্বরে চুক্তি শেষ হবে ক্লাবটির সঙ্গে। ২০২৭ সালে মাঠে থাকবেন নাকি ফুটবলকে বিদায় জানাবেন, তা নিয়ে মুখ খুলেছেন ব্রাজিল তারকা। তবে ধোঁয়াশা রেখেই কোনো কিছু চূড়ান্ত করেননি।
সোমবার নিজের দাতব্য সংস্থা ইনস্টিটিউট নেইমার জুনিয়রের ষষ্ঠ বার্ষিক নিলাম অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন নেইমার। জানান, এখনই অবসর নিচ্ছেন না, তবে ডিসেম্বরে সান্তোসের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর নিজের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে ভাববেন।
বলেছেন, ‘আমি জানি না কতদিন খেলা চালিয়ে যাব। এখনই থামার কথা ভাবছি না, তবে কতদিন পারবো সেটাও নিশ্চিত নয়। সান্তোসের সঙ্গে আগামী ডিসেম্বর পর্যন্ত আমার চুক্তি রয়েছে এবং তা পুরোপুরি সম্মান জানিয়েই পূরণ করতে চাই। এরপর ভেবে দেখব, সান্তোসে থাকব, নাকি ছেড়ে অন্য কোথাও যাব, কিংবা খেলা ছেড়ে দেব কি না। সত্যি বলতে এখনও জানি না কী করব, ডিসেম্বর আসতে অনেক দেরি।’
কোপা দো ব্রাজিলের দ্বিতীয় লেগে বুধবার রেমোর মুখোমুখি হবে সান্তোস। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সান্তোসের মূল দল সোমবারই বিলেমে রওনা হলেও নিজের দাতব্য অনুষ্ঠানের কারণে দলের সঙ্গে যেতে পারেননি নেইমার। তবে তিনি নিশ্চিত করেছেন, মঙ্গলবার নিজের ব্যক্তিগত জেটে চেপে যাবেন এবং ম্যাচের জন্য শতভাগ প্রস্তুত থাকবেন।
বলেন, ‘শারীরিকভাবে আমি বেশ ভালো অনুভব করছি, দিন দিন মাঠে নিজের সেরাটা ফিরিয়ে আনছি। আগামীকালের ম্যাচটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
ফুটবল মাঠের সাফল্যের পাশাপাশি নিজের সমাজসেবামূলক প্রতিষ্ঠানকে জীবনের সবচেয়ে বড় অর্জন মনে করেন ৩৩ বছর বয়সী এই তারকা। প্রতিষ্ঠানটির প্রশংসা করে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, ‘আমি যা ভালোবাসি, তা অন্তর থেকে করি। আর এই ইনস্টিটিউট গড়ে তোলাটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন।’

