সতীর্থ রবিনহো জুনিয়রকে মারধরের অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে নেইমার। হতে পারে শাস্তি। মাঠের বাইরে বাজে অবস্থায় থাকলেও বিশ্বকাপের আগে মাঠের পারফরম্যান্স ধরে রেখেছেন তিনি। সান্তোসের হয়ে জালের দেখা পেয়েছেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা, তবে দলকে জেতাতে পারেননি।
কোপা সৌদামেরিকানায় বুধবার রেকোলেতার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সান্তোস। নেইমার গোল করে এগিয়ে দিলেও লিড ধরে রাখতে পারেনি দল। ম্যাচের শেষদিকে গোল হজম করে হারতে হয়েছে। প্রতিযোগিতায় এটি নেইমারের চতুর্থ ম্যাচে দ্বিতীয় গোল। সবমিলিয়ে চলতি মৌসুমে ৯ ম্যাচে ৫ গোল করে তিনি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৩ গোল।
ড্রয়ের পর ৪ ম্যাচ শেষে নিজেদের গ্রুপে জয়শূন্য নেইমারের দল। ৪ ম্যাচে ৩ ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে তলানিতে সান্তোস। এপ্রিলে দুদলের প্রথম দেখাতেও ১-১ গোলে ড্র হয়েছিল। সেদিনও নেইমার গোল করে সান্তোসকে লিড এনে দিয়েছিলেন।
প্যারাগুয়ের দলটির মাঠে সান্তোসের আধিপত্য ছিল। ৬৯ শতাংশ বল ধরে রেখে মোট ১৬ শট নিয়েছে পেইজিরা, ৪টি লক্ষ্যে ছিল। অন্যদিকে রেকোলেতার ৩টি শটের প্রতিটি লক্ষ্যে ছিল।
ড্রয়ের পরও নেইমারদের পরের রাউন্ডে খেলার আশা শেষ হয়ে যায়নি। হাতে আছে দুই ম্যাচ। কোপা সৌদামেরিকানায় প্রতি গ্রুপের চ্যাম্পিয়নই শুধু সরাসরি পরের রাউন্ডে যায়। রানার্সআপ দলকে প্লে-অফ খেলতে হয় কোপা লিবার্তোদোরেসের গ্রুপপর্ব থেকে বাদ পড়া ক্লাবের বিপক্ষে।








