ব্রাজিলের ওয়ান্ডারবয় নেইমার জুনিয়রের জন্মদিন মঙ্গলবার। ৫ ফেব্রুয়ারি ৩৩ বছরে পা দিলেন ব্রাজিল জাতীয় দল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। ১৯৯২ সালে সাও পাওলোতে জন্ম লেফট উইঙ্গার, অ্যাটাকিং মিডফিল্ডার বা ফরোয়ার্ড গুণের তারকার।
নেইমার পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন সান্তোস এফসিতে। সবশেষ কদিন আগে শৈশবের সেই সান্তোসেই ফিরে ৩৩তম জন্মদিন পালন করছেন। তার ফুটবল কারিকুরি ও দক্ষতা দেখে ইউরোপের বিভিন্ন জায়ান্ট ক্লাব আগ্রহ প্রকাশ করেছিল।
সবাইকে টপকে ২০১৩ সালে ৮৮ মিলিয়নে তাকে দলে টানে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ২০১৭ সালে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড ২২২ মিলিয়ন চুক্তিতে ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেইনে যোগ দেন তিনি। বেশিরভাগ সময় চোটে কাটে ফ্রান্সে। এরপর সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে যোগ দিয়ে চোটের কারণে খুব বেশি খেলতেই পারেননি।
নেইমারের সান্তোস থেকে বার্সেলোনায় আসার পর বেশ খেলেছিলেন। সেসময় বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও দুবার লা লিগা জিতেছিলেন। মেসি-সুয়ারেজের সাথে মিলে গড়েছিলেন ভয়ঙ্কর আক্রমণ জুটি। পরে পিএসজিতে যোগ দিয়ে পাঁচবার জিতেছেন লিগ ওয়ান শিরোপা।
৭৯ গোল করে পেলেকে টপকে ব্রাজিলের সর্বোচ্চ গোলে মালিক নেইমার। ২০১৩ সালে ফিফা কনফেডারেশন্স কাপের সেরা খেলোয়াড়, ২০১৬তে রিও অলিম্পিকে স্বর্ণ এবং ২০২১ সালে ব্রাজিলের কোপা আমেরিকা জয়ী দলের সদস্য তিনি।







