চোটের কারণে প্রায় একবছর ধরে মাঠের লড়াইয়ে নেই নেইমার জুনিয়র। পুরোপুরি সেরে না উঠলেও পুনর্বাসন হিসেবে অনুশীলন চালিয়ে যাচ্ছেন ব্রাজিলীয় তারকা। এরমাঝে আলোচনায় এলেন ব্রাজিলে একটি ব্যক্তিগত দ্বীপ কিনেছেন ৩২ বর্ষী নেইমার।
ব্রাজিলের সংবাদমাধ্যমে খবর, দ্বীপ কিনতে ৯০ লাখ ইউরো খরচ করবেন নেইমার। বর্তমানে একটি কানাডিয়ান প্রতিষ্ঠান যেটির মালিকানায় আছে। আগে এটির দাম ১ কোটি ২০ লাখ ইউরো চাইলেও এবার তারা ৩০ লাখ ইউরো দাম কমানোয় কিনতে চলেছেন আল হিলাল তারকা।

ইলাহাও দো জাপাও নামের সেই দ্বীপে একইসঙ্গে ১০ জন অতিথি থাকতে পারবেন। রিও ডি জেনিরো থেকে পৌঁছাতে হেলিকপ্টারে ৩৫ মিনিট লাগে। দ্বীপের মালিকানা প্রতিষ্ঠানের একটি হেলিকপ্টারও রয়েছে, যেটি নেইমারের হবে। যদিও রিও থেকে নৌকায় করে সেখানে যাওয়া যায়।

এর আয়তন সবমিলিয়ে তিন হেক্টরের মতো। সেখানে ইন্দোনেশিয়ান স্টাইলের একটি মূল ভিলা, দুটি স্যুইট, একটি মাছের পুকুর ও সমুদ্রের দিক মুখ করা তিনটি বাংলো আছে। নেইমার দ্বীপটিতে এখনো থাকছেন, তবে সেজন্য প্রতিদিন ৫০ হাজার ইউরো ভাড়া দিতে হচ্ছে তাকে।







