শিরোপা ধরে রাখার অভিযানে দাপট দেখিয়ে সবার আগেভা ফাইনাল নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। টানা দ্বিতীয়বার বিপিএলে চ্যাম্পিয়ন হতে দলটি ঘাটতি রাখতে চাইছে না। ফাইনালে উঠেই উড়িয়ে এনেছে কিউই তারকা অলরাউন্ডার জিমি নিশামকে। আগেও যার বিপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে।
সাউথ আফ্রিকা থেকে মঙ্গলবার সকালে ঢাকায় এসে পৌঁছেছেন নিশাম। সেখানে প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে এসএ টি-টুয়েন্টি আসরে খেলছিলেন। প্রিটোরিয়া প্লে-অফে উঠতে না পারায় বরিশাল তাকে ফাইনালের জন্য নেয়ার সুযোগ পেয়েছে।
প্লে-অফে বরিশালের হয়ে বিদেশি কোটায় খেলেছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আলি, আইএল টি-টুয়েন্টি খেলে ফেরা ক্যারিবীয় অলরাউন্ডার কাইল মেয়ার্স, ইংলিশ ব্যাটার ডেভিড মালান ও আফগান অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী। নবীর জায়গাতে নিশামকে খেলানোর সম্ভাবনা রয়েছে।
সোমবার প্রথম কোয়ালিফায়ারে চিটাগাং কিংসকে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করে তামিম ইকবালের বরিশাল। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে দ্বিতীয় কোয়ালিফায়ারে চিটাগং বা খুলনার জয়ী দলটি। অন্যদিকে, এসএ টি-টুয়েন্টির আসরে ব্যাট হাতে খুব ভালো যায়নি নিশামের। পাননি কোনো ফিফটি। তবে বোলিংয়ে ৭ উইকেট নিয়ে রেখেছেন অবদান।








