বিনোদন

দুই দিনেই কোটি পার করে যে রেকর্ড গড়লো এই নাটক

দুই দিনেই কোটি পার করে যে রেকর্ড গড়লো এই নাটক

এক জুটি, এক নির্মাতা আর একই ইউটিউব চ্যানেল- ‘মন দুয়ারি’, ‘মায়াপাখি’র পর এবার ‘ভালো আছো তো?’ দিয়ে দর্শকের মন জয় করলেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা।

জাকারিয়া সৌখিন পরিচালিত নাটকটি প্রকাশের মাত্র দুই দিনেই ইউটিউবে এক কোটি ভিউ অতিক্রম করেছে। বাংলাদেশি একক নাটকের ক্ষেত্রে এমন অর্জন এবারই প্রথম।

নাটকটি প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। ইউটিউবের মন্তব্যের ঘরে এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার দর্শক নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন, যাঁদের অধিকাংশের মন্তব্যই ইতিবাচক।

পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন নাটক ও সিনেমাবিষয়ক পেজ এবং গ্রুপেও আলোচনায় রয়েছে ‘ভালো আছো তো?’। কিন্তু কী এমন আছে নাটকটিতে, যা এত অল্প সময়ে দর্শকের মনোযোগ কেড়েছে?

নাটকটির নির্মাণসংশ্লিষ্টদের মতে, শুরুতেই চমকে দেওয়ার মতো দৃশ্য, গল্পের গভীরে ধীরে ধীরে প্রবেশ, সাবলীল সংলাপ, আবেগের সুনিপুণ উপস্থাপন এবং দৃশ্যায়নে মুন্সিয়ানার পাশাপাশি ব্যতিক্রমী সমাপ্তি দর্শকদের আলাদা অভিজ্ঞতা দিয়েছে।

গল্প বলার এই ধরনই নাটকটির জনপ্রিয়তা বাড়াতে ভূমিকা রেখেছে বলে মনে করছেন তারা।

নাটকটির সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নির্মাতা জাকারিয়া সৌখিন। তিনি বলেন, ‘সব সময় নিজের মনের মতো কাজ করতে চেয়েছি। কাজের স্বীকৃতি ও প্রাপ্তিতে আনন্দ হয়। এই প্রাপ্তি আমার একার নয়। প্রযোজক, শিল্পী, দর্শক ও আমার টিমকে অভিনন্দন জানাই।’

নাটকটির এমন সাফল্যে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সিএমভির কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পুও। তিনি বলেন, ‘এই সাফল্যে দর্শকদের কাছে আমরা কৃতজ্ঞ। অপূর্ব, নীহা, জাকারিয়া সৌখিনসহ পুরো টিমকে অভিনন্দন। সিএমভি সব সময় দর্শকচাহিদার কথা মাথায় রেখে রুচিশীল ও মানসম্মত কনটেন্ট তৈরি করছে। এমন প্রাপ্তি পরবর্তী কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা জোগায়।’

‘ভালো আছো তো?’ নাটকে অপূর্ব ও নাজনীন নীহার পাশাপাশি অভিনয় করেছেন মিলি বাশার, সমাপ্তি মাশুক, প্রান্তসহ আরও অনেকে। নাটকটির একমাত্র গান ‘যাকে ভালোবেসেছি’। আহমেদ রিজভীর কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। এতে কণ্ঠ দিয়েছেন মাহতিম সাকিব ও রুমি রুসা।

‘মন দুয়ারি’ ও ‘মায়াপাখি’র পর ‘ভালো আছো তো?’ দিয়ে আবারও দর্শকের কাছে নিজেদের জুটির জনপ্রিয়তা তুলে ধরলেন অপূর্ব ও নাজনীন নীহা। দুই দিনে কোটি ভিউয়ের এই অর্জন বাংলা একক নাটকের দর্শকপ্রিয়তার আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

বিষয়:অপূর্ব জাকারিয়া সৌখিন নাজনীন নীহা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…