বিনোদন

অপূর্বকে বাদ দেওয়া হয়নি, ‘চালচিত্র’ নিয়ে মুখ খুললেন পরিচালক

অপূর্বকে বাদ দেওয়া হয়নি, ‘চালচিত্র’ নিয়ে মুখ খুললেন পরিচালক

বছর দুয়েক আগে কলকাতার ‘চালচিত্র’ ছবিতে অভিনয় করে দুই বাংলায় বেশ আলোচনা তৈরি করেছিলেন বাংলাদেশের অপূর্ব।

রোমান্টিক ইমেজ ভেঙে এই অভিনেতা থ্রিলারধর্মী এই ছবিতে টোটো রায়, অনির্বাণ ও রাইমা সেনদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন দর্শকদের। যারাই ছবিটি দেখেছেন, একবাক্যে বলেছেন, ‘চালচিত্র’-এর দ্বিতীয়ার্ধ শাসন করেছেন অপূর্ব নিজেই!

নতুন করে আবার ‘চালচিত্র’-এর প্রিক্যুয়েল নির্মিত হচ্ছে। তবে সেখানে থাকছেন না অপূর্ব। ছবির পরিচালক প্রীতম ডি গুপ্ত পরিষ্কার করলেন, কেন থাকছেন না বাংলা নাটকের এই ‘বড়ছেলে’।

অপূর্বর অফিশিয়াল ফ্যান ক্লাবে নিজেই পোস্ট করে প্রীতম ডি গুপ্ত জানিয়েছেন, ‘চালচিত্র’ তাঁর কাছে নিজের সন্তানের মতো এবং ছবিটির সঙ্গে অপূর্বর নামও সমানভাবে জড়িয়ে আছে।

অপূর্ব প্রথম ছবিতে যে প্রাণ দিয়েছেন, সেটি তিনি গভীরভাবে উপলব্ধি করেন বলেও উল্লেখ করেন ‘মাছের ঝোল’ ও ‘প্রজাপতি রহস্য’ ছবির এই নির্মাতা। প্রীতম ডি গুপ্ত লিখেছেন, “বিশ্বাস করুন, অপূর্বকে ছাড়া ‘চালচিত্র’-এর সিক্যুয়েল বানানোর ভাবনাটা আমার কাছে একেবারেই অর্থহীন।”

পরিচালক প্রীতম ডি গুপ্ত

তবে নতুন ছবিটি সিক্যুয়েল নয়, বরং প্রিক্যুয়েল-এ কথা স্পষ্ট করেছেন পরিচালক। তার ভাষ্য, ‘চালচিত্র: দ্য একচালা মার্ডার্স’ দর্শকদের ফিরিয়ে নিয়ে যাবে ‘চালচিত্র: দ্য ফ্রেম ফাটাল’-এর আগের সময়ে। ফলে গল্পের সময়কাল প্রথম ছবির আগের হওয়ায় অপূর্বর চরিত্রটি স্বাভাবিকভাবেই এই অধ্যায়ে থাকার সুযোগ পাচ্ছে না।

‘অপূর্বকে বাদ দেওয়া হয়েছে’ এমন ধারণা না করার অনুরোধ জানিয়ে পরিচালক বলেন, প্রথম ছবির পর্দা নামার সময়ও অপূর্বর চরিত্র ছিল এবং ভবিষ্যতের গল্পেও সেটি বদলায়নি।

তিনি আরও জানান, ‘চালচিত্র’ জগতের এমন কোনো নতুন অধ্যায় যদি তৈরি হয়, যা প্রথম ছবির সমাপ্তির পর থেকে গল্পকে এগিয়ে নেবে, সেখানে অপূর্ব অবশ্যই থাকবেন।

অপূর্বর ভক্তদের উদ্দেশে প্রীতম ডি গুপ্ত আরও লিখেছেন, তিনিও অপূর্বর একজন বড় ভক্ত। দর্শকরা কেন অপূর্বকে আবার দেখতে চাইছেন, সেটি তিনি বুঝতে পারেন এবং নিজেও একই ইচ্ছা পোষণ করেন।

পরিচালকের আশা, প্রথম ছবির মতো নতুন প্রিক্যুয়েলটিও দর্শকদের ভালোবাসা পাবে। আর ‘চালচিত্র: দ্য একচালা মার্ডার্স’ প্রত্যাশামতো সাড়া পেলে তৃতীয় অধ্যায়ে আবারও প্রিয় চরিত্রগুলোকে একসঙ্গে ফিরিয়ে আনার সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি.

বিষয়:অপূর্ব চালচিত্র প্রীতম ডি গুপ্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…