রাজধানীর নিউমার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণ করতে নিউ মার্কেটমুখী আশেপাশের সব সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।
আগুন লাগার পরেই পুলিশ ঘটনাস্থলে এসে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। সড়কে শুধু ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্টদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার বলেন, ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে এবং ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা বাড়িয়ে ৩০টি করা হয়েছে। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সঙ্গে যুক্ত হয়ে সহায়তা করেছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর অগ্নি নির্বাপণ সাহায্যকারী দল। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে বিজিবি ও পুলিশ। আগুন পুরোপুরি নির্বাপণ হওয়া পর্যন্ত কাজ করবে ফায়ার কর্মীরা।
অন্যদিকে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ ১২ দমকলকর্মীসহ ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাঁচ দোকান কর্মচারীকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আগুনের ধোঁয়ায় তারা অসুস্থ হন বলে জানা যায়।
আগুন নিয়ন্ত্রণে নিউ মার্কেট এলাকায় র্যাব-পুলিশের পাশাপাশি ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। যোগ দেন সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরাও।
ভোর ৫টা ৪০ মিনিটের দিকে ভবনের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিস। ভবনটি ২০১৬ সালে অগ্নিঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়।







