বিনোদন

‘পরিস্থিতি বদলেছে’, টালিউডের গিল্ড নির্বাচন নিয়ে রুদ্রনীল ঘোষ

‘পরিস্থিতি বদলেছে’, টালিউডের গিল্ড নির্বাচন নিয়ে রুদ্রনীল ঘোষ

পশ্চিমবঙ্গে বাংলা চলচ্চিত্র শিল্পের বিভিন্ন গিল্ডের নির্বাচন ঘিরে টালিউডে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক ও অভিনেতা রুদ্রনীল ঘোষ। তার দাবি, আগের তুলনায় পরিস্থিতির পরিবর্তন হয়েছে এবং শিল্পের সঙ্গে যুক্ত কর্মীরা এখন গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।

শনিবার কলকাতার চারটি স্টুডিওতে শুরু হয়েছে বাংলা চলচ্চিত্র শিল্পের বিভিন্ন গিল্ডের নির্বাচন। শনিবার পাঁচটি গিল্ডের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বাকি ১১টি গিল্ডের নির্বাচন হবে রবিবার। সব মিলিয়ে ১৬টি গিল্ডের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি ফেডারেশন অব সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি পদেও চলছে নির্বাচন।

রুদ্রনীল ঘোষ বলেন, “টালিউডের পরিস্থিতি খারাপ ছিল। এখন পরিস্থিতি বদলেছে। শিল্পের সঙ্গে যুক্ত মানুষজন এখন নির্বাচনের মাধ্যমে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।”

শনিবার যে পাঁচটি গিল্ডের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেগুলো হলো মেকআপ আর্টিস্টস গিল্ড, সিনে ভিডিও কস্টিউম গিল্ড, ক্রাফট ওয়ার্কার্স গিল্ড, সিনে রাইটার্স গিল্ড এবং সিনে ভিডিও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরস গিল্ড।

অন্যদিকে, রবিবার ভোটগ্রহণ হবে সাউন্ড, ইলেকট্রিশিয়ান, হেয়ারড্রেসার, সিনেমাটোগ্রাফার, স্টান্ট ও জুনিয়র আর্টিস্ট গিল্ডসহ বাকি ১১টি গিল্ডে। এই নির্বাচনকে ঘিরে শিল্পের বিভিন্ন বিভাগের কর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

এদিকে, বাংলা চলচ্চিত্র শিল্পে গণতান্ত্রিক ঐতিহ্য বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উপদেষ্টা মিঠুন বলেন, “আমি চাই গণতান্ত্রিক ঐতিহ্য বজায় থাকুক। আর এ বিষয়ে আমি নিশ্চিত।”

চারটি স্টুডিওজুড়ে অনুষ্ঠিত এই নির্বাচনকে বাংলা চলচ্চিত্র শিল্পের ভবিষ্যৎ কার্যক্রম ও কর্মপরিবেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। টেলিগ্রাফ ইন্ডিয়া

বিষয়:কলকাতা গিল্ড নির্বাচন টালিউড মিঠুন চক্রবর্তী রুদ্রনীল ঘোষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…