নতুন বন্ড প্যাটিনসনকে যে পরামর্শ দিলেন সবচেয়ে প্রবীণ বন্ড!

জেমস বন্ড হিসেবে রবার্ট প্যাটিনসনের নাম ঘোষণার পর তাকে স্বাগত জানালেন সিরিজটির জীবিত সবচেয়ে প্রবীণ অভিনেতা জর্জ ল্যাজেনবি। ৮৭ বছর বয়সী এই অভিনেতা সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় নতুন ০০৭-কে অভিনন্দন জানানোর পাশাপাশি দিয়েছেন কিছু পরামর্শও।
ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিও বার্তায় ‘টোয়াইলাইট’ তারকা প্যাটিনসনকে বন্ড পরিবারের অংশ হওয়ার শুভেচ্ছা জানিয়ে ল্যাজেনবি বলেন, ‘রবার্ট, বিশ্বের সবচেয়ে অভিজাত ক্লাবে তোমাকে স্বাগত। তবে মনে রেখো, কাজটা উপভোগ করতে হবে। দেখা যাক, তোমারও এমন কোনো মুহূর্ত আসে কি না, যখন বলতে পারবে, “এটা তো অন্য সেই লোকটির সঙ্গে কখনো ঘটেনি!”’
‘সবকিছুর জন্য শুভকামনা, বন্ধু’, বলে বার্তা শেষ করেন তিনি।
জেমস বন্ড চরিত্রে অভিনয় করা দ্বিতীয় অভিনেতা ছিলেন জর্জ ল্যাজেনবি। শন কনারির পর ১৯৬৯ সালে ‘অন হার ম্যাজেস্টিস সিক্রেট সার্ভিস’ সিনেমায় একবারই ০০৭ হিসেবে পর্দায় হাজির হয়েছিলেন তিনি। এরপর চরিত্রটিতে অভিনয় করেন রজার মুর, টিমোথি ডালটন, পিয়ার্স ব্রসনান ও ড্যানিয়েল ক্রেগ।
সোমবার অ্যামাজন এমজিএম স্টুডিওস আনুষ্ঠানিকভাবে রবার্ট প্যাটিনসনকে পরবর্তী জেমস বন্ড হিসেবে ঘোষণা করে। টাক্সেডো পরা হাতে বন্দুকসহ অভিনেতার একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে লেখা হয়, ‘পরিচয় নিশ্চিত’।
ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত হচ্ছেন ৪০ বছর বয়সী প্যাটিনসন। ২০২১ সালে মুক্তি পাওয়া ‘নো টাইম টু ডাই’ ছিল বন্ড হিসেবে ক্রেগের শেষ সিনেমা। প্যাটিনসন হচ্ছেন জেমস বন্ডের অফিশিয়াল চলচ্চিত্র সিরিজে এই চরিত্রে অভিনয় করা সপ্তম অভিনেতা।
নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্যাটিনসনও। ভ্যারাইটিকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘জেমস বন্ড সিনেমার অন্যতম কিংবদন্তি চরিত্র। ০০৭-এর দায়িত্ব পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় সম্মানের একটি। আমার ওপর আস্থা রাখার জন্য ডেনিস, অ্যামি, ডেভিড, তানিয়া এবং অ্যামাজন এমজিএম স্টুডিওসের সবার প্রতি কৃতজ্ঞ। এই চরিত্রে অভিনয় করা যে স্বপ্নপূরণের মতো, তা বললেও কম বলা হবে। এই অসাধারণ দলের সঙ্গে কাজ করার জন্য আমি মুখিয়ে আছি।’
নতুন বন্ড সিনেমাটি পরিচালনা করবেন ‘ডিউন’ ও ‘ব্লেড রানার ২০৪৯’খ্যাত ডেনিস ভিলনভ। চিত্রনাট্য লিখছেন ‘পিকি ব্লাইন্ডার্স’-এর স্রষ্টা স্টিভেন নাইট। প্রযোজনায় থাকছেন অ্যামি পাসকেল ও ডেভিড হেইম্যান। নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত আছেন তানিয়া লাপয়েন্ত। টাইমস অব ইন্ডিয়া





