আসন্ন ডাকসু নির্বাচনের ভোটার তালিকায় নিজেদের ছবি না রাখার জন্য প্রায় ৪০০ নারী শিক্ষার্থী আবেদন করেছিলেন। তাদের আবেদন বিবেচনায় এনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইসিটি সেলকে নির্দেশ দিয়েছে কমিশন।
বুধবার ২৭ আগস্ট ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং অফিসার সহকারী অধ্যাপক মো. আবু রায়হান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও বলেন, ডাকসু নির্বাচনে ৮ টি কেন্দ্রই থাকবে। কেন্দ্র বাড়ানোর কোনো সুযোগ নেই। তবে শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেজন্য পর্যাপ্ত বুথ রাখা হবে।
আজকে পর্যন্ত ছাড় দিলেও আগামীকাল থেকে কেউ আচরণবিধি লঙ্ঘন করলে শাস্তির আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দেন প্রধান রিটার্নিং অফিসার সহকারী অধ্যাপক মো. আবু রায়হান।







