মোটরসাইকেল নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে বিআরটিএ

মোটরসাইকেলের সামনের অংশে নির্ধারিত নিয়মে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা আরও দেড় মাস বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর সুযোগ পাবেন মালিকরা। এর আগে এজন্য ১৫ নভেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল।
বুধবার (১১ নভেম্বর) বিআরটিএর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক। এই নির্দেশনা বাস্তবায়নে মোটরসাইকেল মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত মাপ ও শর্ত অনুসরণ করে সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর অনুরোধ।
বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, স্কুটার ও অন্যান্য মোটরসাইকেলের জন্য নম্বরপ্লেটের আকার আলাদা নির্ধারণ করা হয়েছে। স্কুটারের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। অন্যদিকে, স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার হতে হবে। উভয় ধরনের নম্বরপ্লেটে বাংলা অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।
নম্বরপ্লেট তৈরির ক্ষেত্রেও কয়েকটি বাধ্যতামূলক শর্ত দিয়েছে বিআরটিএ। প্লেটটি স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে। এতে সাদা পটভূমির ওপর কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা ব্যবহার করে রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। পাশাপাশি নম্বরপ্লেটে কোনো ধরনের অতিরিক্ত নকশা বা শোভাবর্ধক উপাদান রাখা যাবে না।
এছাড়া স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের নম্বরপ্লেটে রেজিস্ট্রেশন নম্বর একটিমাত্র আনুভূমিক রেখায় প্রদর্শন করতে হবে। উদাহরণ হিসেবে বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে: ঢাকা মেট্রো-ল-১১-১১২৬। নতুন সময়সীমা অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এসব নির্দেশনা অনুসরণ করে মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন সম্পন্ন করতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে বিআরটিএ।





