নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিল বিআরটিএ

আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে প্রচার-প্রচারণা শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
এর অংশ হিসেবে আজ মঙ্গলবার ১৩ অক্টোবর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিআরটিএ-র সহকারী পরিচালক জিয়াউর রহমান ও আবদুল্লাহ আল নোমান এবং পুলিশের ইন্সপেক্টর আশরাফ।
প্রশিক্ষণে শিক্ষার্থীদের সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক সংকেত এবং নিরাপদে সড়ক চলাচলের নিয়ম সম্পর্কে ধারণা দেওয়া হয়। এ সময় ট্রাফিক সিগন্যালের লাল, হলুদ ও সবুজ বাতির অর্থ এবং এসব সংকেত মেনে চলার গুরুত্ব তুলে ধরা হয়।
শিক্ষার্থীদের ফুটপাত ব্যবহার করে চলাচল করতে বলা হয়। পাশাপাশি চলন্ত যানবাহনের সামনে দিয়ে রাস্তা পার না হওয়ার বিষয়ে সতর্ক করা হয়। প্রশিক্ষণে বলা হয়, অসতর্কভাবে রাস্তা পারাপার করলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
এ ছাড়া যানবাহন চালানোর সময় নির্ধারিত নিয়ম মেনে চলা, গতি নিয়ন্ত্রণে রাখা এবং অপ্রয়োজনে হর্ন না বাজানোর বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তাই ছোটবেলা থেকেই সড়ক নিরাপত্তা সম্পর্কে সঠিক ধারণা নিতে হবে এবং চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি নিজের ও অন্যের নিরাপত্তার বিষয়েও সচেতন হওয়া জরুরি।
দিবসটি সামনে রেখে সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিআরটিএ।






