রাজনীতি

ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের কেন্দ্রে থাকার আহ্বান বিএনপি-জামায়াতের

ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের কেন্দ্রে থাকার আহ্বান বিএনপি-জামায়াতের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণ শেষে চলছে গণনা। ফলাফল না আসা পর্যন্ত কর্মী ও সমর্থকদের ভোট কেন্দ্রে অবস্থানের আহ্বান জানিয়েছে নির্বাচনে অংশ নেয়া বড় দুটি দল বিনএপি ও জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে ভোট গ্রহণ শেষ হয়েছে বিকেল সাড়ে ৪টায়। টানা নয় ঘণ্টার ভোটে দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এদিন বিকেল পৌনে ছয়টার এক সংবাদ সম্মেলনে ভোট গোনা শেষ না হওয়া পর্যন্ত কর্মী ও সমর্থকদের কেন্দ্র ছেড়ে না যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। পাশাপাশি পরিস্থিতি ঠিকঠাক থাকলে নির্বাচনে জয়ের আশাও প্রকাশ করেন।

কর্মী ও সমর্থকদের ভোট কেন্দ্রে থাকার অনুরোধ করেছেন জামায়াতের আমির ড. শফিকুর রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তিনি লিখেছেন, ‘পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের পূর্ব পর্যন্ত কেউ ভোটকেন্দ্র ছাড়বেন না।’

১১ দলীয় জোটের পক্ষে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সংবাদ সম্মেলনে একই আহ্বান জানান। তিনি বলেন, ‘ভোট দিতে সকালে বিপুল সংখ্যক মানুষ লাইনে দাঁড়িয়েছিলেন। এই নির্বাচন উপলক্ষে শহর থেকে দলে দলে মানুষ ঘরমুখো হয়েছেন। তারা সুন্দরভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন।

কিছু আসনে সমস্যা হয়েছে বলে জামায়াতের ব্রিফিংয়ে অভিযোগ করা হয়। উদাহরণস্বরূপ শরীয়তপুর-২, কুমিল্লা-৮ ও পটুয়াখালী-১ আসনের কথা উল্লেখ করেন তিনি। এছাড়া আরো কিছু আসনের অনেক সেন্টারে জামায়াতের এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি এবং হুমকি দেয়া হয়েছে বলে দাবি করে জামায়াত।

ভোটগণনা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং কর্মী-সমর্থকদের ভোটকেন্দ্র না ছাড়ার আহ্বান জানিয়ে এই শেষ করেন এহসানুল মাহবুব জুবায়ের।

বিষয়:জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ জামায়াত বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…