ইউরোপের শীর্ষ সব লিগের শিরোপা নিষ্পত্তি হয়েছে আগেই, বাকি ছিল শুধু ইতালিয়ান সিরি আর, গড়িয়েছে শেষ রাউন্ড পর্যন্ত। রোমাঞ্চকর এক লড়াই শেষে শিরোপা ঘরে তুলল নাপোলি। শেষ ম্যাচে ক্যালিয়ারিকে ২-০ গোলে হারিয়ে চতুর্থবারের মতো লিগ শিরোপা জিতল তারা।
ডিয়েগো ম্যারাডোনার হাত ধরে দুবার সিরি ‘আ’ শিরোপা জিতেছিল নাপোলি। এরপর তৃতীয় শিরোপা জয়ের জন্য দলটিকে অপেক্ষা করতে হয়েছে ৩৩ বছর। ২০২২-২৩ মৌসুমে এসে লুসিয়ানো স্পালেত্তির অধীনে তৃতীয় শিরোপা জেতে নেপলসের ক্লাবটি। তবে চতুর্থ শিরোপার জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হলো না নাপোলিকে। এক মৌসুম বিরতি দিয়েই জিতল শিরোপা।
অথচ এবারের লিগে ৩৩ রাউন্ড পর্যন্ত এগিয়ে ছিল ইন্টার মিলান। শেষ ৫ রাউন্ডে এসে খেই হারিয়ে ফেলেন তারা। আর এই সুযোগটা দারুণভাবেই কাজে লাগিয়েছে নাপোলি। অনেক নাটকীয়তার পর শিরোপা লড়াই এসে দাঁড়ায় শেষ রাউন্ডে।
নিজেদের ম্যাচে জিতলেই নিশ্চিত হবে শিরোপা, এমন সমীকরণ মাথায় নিয়েই ক্যালিয়ারির বিপক্ষে মাঠে নেমেছিল নাপোলি। ৪২ মিনিটে স্কট ম্যাকটোমিনাইয়ের গোলে এগিয়ে যায় নাপোলি। ৫১ মিনিটে রোমেলু লুকাকুর গোলে জয় ও শিরোপা নিশ্চিত করে নাপোলি।
শেষপর্যন্ত ২-০ গোলে জিতেই শিরোপা উল্লাসে মাতে নাপোলি। ৩৮ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হলেন তারা। ইন্টার মিলান ৮১ পয়েন্ট নিয়ে রয়েছে রানার্সআপ।
১৯৮৬-৮৭, ১৯৮৯-৯০, ২০২২-২৩ মৌসুমের পর আবারও লিগ শিরোপা জয়ের আনন্দে ভাসল নাপোলি।







