প্রতীক্ষিত ছবি ‘হিট: দ্য থার্ড কেস’ মুক্তির প্রথম দিনেই ভারতীয় বক্স অফিসে বেশ সম্মানজনক সংগ্রহ দেখিয়েছে। ১ মে মুক্তি পাওয়া সুপারস্টার ন্যানির এই ছবিটি বক্স অফিসে আয় করে ২১ কোটি টাকা! তবে দ্বিতীয় দিনেই এসে লাগলো ধাক্কা!
ভারতজুড়ে বক্স অফিসের নিম্নমুখী প্রবণতায় দ্বিতীয় দিনেই ‘হিট থ্রি’র আয় প্রায় ৫০ শতাংশ কমে দাঁড়ায় মাত্র ১০ কোটিতে! ইন্ডাস্ট্রি ট্র্যাকার সাকনিলকের তথ্যমতে, অভিনেতা ন্যানির নেতৃত্বে তৈরি এই সিনেমাটি দুই দিনে মোট ৩১ কোটি টাকার নিট আয় করেছে, যা আগের পর্ব হিট ২-এর চেয়েও বেশি!
হিট ২, যেখানে প্রধান চরিত্রে ছিলেন অভিনেতা আদিভি শেশ। মুক্তির প্রথম দিনে মাত্র ৬.৪ কোটি টাকা আয় করেছিল এবং দ্বিতীয় দিনে তা কমে ৫.৩৫ কোটিতে দাঁড়ায়। ২১ দিন চলার পরেও ছবিটির মোট সংগ্রহ ছিল মাত্র ২৫.৯২ কোটি টাকা! সেই তুলনায়, ‘হিট থ্রি’ শুধুমাত্র দুই দিনেই সেই পরিমাণকে ছাড়িয়ে গেছে।
ছবিটির দর্শক সংখ্যা দিনভর ধীরে ধীরে বেড়েছে — সকাল ও দুপুরের শো-তে যথাক্রমে ৩৪% ও ৫৪% এবং সন্ধ্যা ও রাতের শো-তে ৫৪% ও ৬৬% ছিল দর্শক উপস্থিতি। বিশ্লেষকদের মতে, ন্যানি ছবিতে যুক্ত থাকায় এই সাফল্যে বড় প্রভাব রেখেছে।
সৈলেশ কোলানু পরিচালিত ও রচিত ‘হিট থ্রি’-তে ন্যানি ছাড়াও অভিনয় করেছেন আদিভি শেশ, শ্রীনিধি শেঠি, রাও রমেশ, নিবেতা থমাস ও ব্রহ্মাজি। ছবিটিকে রণবীর কাপুর অভিনীত অ্যানিমেল (২০২৩), হানিফ আদেনির মার্কো (২০২৪) এবং নিখিল নাগেশ ভাটের কিল (২০২৩)-এর সঙ্গে তুলনা করা হয়।
যদিও সুপারস্টার ন্যানি এই তুলনাকে খারিজ করে বলেন,“আমি মনে করি না ‘হিট থ্রি’-কে অ্যানিমেল, কিল বা মার্কো-র সঙ্গে একত্রে ফেলা উচিত। ‘হিট থ্রি’ ভিন্ন ব্যাকরণে তৈরি হয়েছে। পুরো ছবি একটানা দেখলে সহিংসতা চোখে লাগবে না। সবকিছু এতটাই প্রাকৃতিকভাবে মিলে যায় যে দর্শক পুরোপুরি ডুবে যাবে ‘হিট থ্রি’ -এর জগতে।”








