দ্রুত গতিতে বল করে বিশ্ব ক্রিকেটে নজর কেঁড়েছেন পেসার নাহিদ রানা। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর পিএসএলে বল হাতে গতির ঝড় তুলে নিজের জানান দিচ্ছেন। টাইগার পেসারের প্রশংস করতে অবশ্য ভুললেন নিউজিল্যান্ড কোচ রব ওয়াল্টার। পাশাপাশি বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স সরাসরি ডানহাতি পেসারকে দলের ট্রাম্প কার্ড বলে আখ্যা দিয়েছেন।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে নাহিদ রানা প্রসঙ্গে ওয়াল্টার বলেন, ‘সে দারুণ একজন পেসার। এখানকার কন্ডিশন তাকে সাহায্য করবে। বাংলাদেশের হয়ে এমন একজন ফাস্ট বোলারকে দেখতে পাওয়াটা বেশ ভালো ব্যাপার।’
নাহিদের ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করার সক্ষমতা ও সেটি সামলানোর বিষয়েও কথা বলেছেন ওয়াল্টার। বলেছেন, ‘আমরা তার কোয়ালিটিকে একদমই খাটো করে দেখছি না। আগেই বললাম, তাদের দলে বেশ ভালো কিছু কোয়ালিটি ফাস্ট বোলার আছে। তবে ফাস্ট বোলারদের মোকাবিলা করা আমাদের জন্য নতুন কিছু নয়। এটা আমরা নিয়মিতই করি, আমাদের দলেও পেসার আছে। কেবল ম্যাচের মধ্যে কাজটা ঠিকঠাক করতে হবে। কিছুটা ভিন্ন কন্ডিশন হয়তো, তবে এখানে নিজেদের স্কিল কাজে লাগিয়েই তাকে সামলাতে হবে।’
ফিল সিমন্স তার শিষ্যের বন্দনার পাশাপাশি তরুণ ক্রিকেটারকে সাবধানে ব্যবহারের বিষয়টি সামনে আনেন। টাইগার স্পিডস্টারের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপারে দেন গুরুত্ব।
‘নাহিদ রানা আমাদের একজন ট্রাম্প কার্ড। আমাদের ওর সুরক্ষা দিতে হবে। সবসময় যেন তাকে ফিট পাওয়া যায়, এটাও মাথায় রাখতে হবে। আমাদের ওর যত্ন নিতে হবে। খেয়াল রাখতে হবে, যাতে সে নিজেকে বাংলাদেশের জন্য উজাড় করে দিতে পারে।’







