বিসিসিআইয়ের চাপে মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। প্রতিক্রিয়ায় বাংলাদেশ ভারতে আসন্ন টি-টুয়েন্টি খেলতে যাবে না বলে জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিয়ে আইসিসির সঙ্গে এখনও আলোচনা চলছে, সিদ্ধান্ত হয়নি বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য নিয়ে। তবে টাইগারদের টি-টুয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকা শেখ মেহেদী জানালেন, বোর্ড যেখানেই পাঠাক, তার খেলতে কোনো আপত্তি নেই।
চলতি বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের নেতৃত্ব দিচ্ছেন মেহেদী। শুক্রবার দিনের প্রথম ম্যাচে রাজশাহী এক্সপ্রেস হারানোর পর সংবাদ সম্মেলনে আসেন টাইগার স্পিনার। সেখানে বিশ্বকাপ ঘিরে চলমান ইস্যু নিয়ে মেহেদীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। জবাবে জানান, ‘দলকে কোথায় পাঠাবে নাকি পাঠাবে না, সেটা বিসিবির বিষয়। খেলোয়াড়রা এগুলো নিয়ে খুব একটা চিন্তিত নন।’
বলেছেন, ‘আমার মনে হয় না এগুলো নিয়ে কোনো খেলোয়াড় চিন্তিত। কারণ আপনি যখন ক্রিকেটে ঢুকলেন, আপনার যত বড়ই সমস্যাই থাকুক না কেন, আপনি ওই চিন্তা বাদ দিয়েই কিন্তু ক্রিকেট খেলতে আসেন। বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়।’
বিশ্বকাপ নিয়ে চলমান প্রেক্ষাপটে খেলোয়াড়দের অবস্থান জানাতে গিয়ে মেহেদী বলেন, ‘অনিশ্চয়তার বিষয়টা ম্যানেজমেন্টে,, অফিশিয়ালদের বিষয়। এতে খেলোয়াড়দের কোনো হাত নেই। খেলোয়াড়দের কাজ খেলা, সেটা আপনি যদি মঙ্গলগ্রহেও খেলতে পাঠান খেলোয়াড়রা অবশ্যই খেলতে যাবে। এটা নিয়ে আমার মনে হয় না কোনো খেলোয়াড়ের মধ্যে সন্দেহ আছে।’







