ক্যাব চালকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ গায়িকার

অ্যাপ ক্যাবে উঠে ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হলেন গায়িকা-গীতিকার শ্রিয়া রাও। দিনকয়েক আগে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েছেন তিনি। ভাগ করলেন নিজের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা। গাড়িতে ওঠার পর থেকেই চালক বার বার তার পায়ের দিকে তাকাচ্ছিলেন বলে অভিযোগ শ্রিয়ার।
প্রথম থেকেই গাড়ির গতি কমানোর অনুরোধ করতে থাকেন শ্রিয়া। যা একেবারেই পছন্দ হয়নি চালকের। উল্টে আরও জোরে গাড়ি চালাতে শুরু করেন এবং গালিগালাজও করতে থাকেন। ইনস্টাগ্রামে নিজের সেই অভিজ্ঞতা তুলে ধরেন শ্রিয়া। অভিযুক্ত চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন তিনি। তার আশঙ্কা, ওই চালকের জন্য আরও অনেকে গুরুতর সমস্যায় পড়তে পারেন।
সোশ্যাল মিডিয়ায় শ্রিয়া লিখেছেন, ‘প্রথমদিকে গাড়িতে ওঠার সময়ে মুখের দিকে তাকিয়ে শুধু দেখছিল। তার কয়েক সেকেন্ড পরে পায়ের দিকে তাকাচ্ছিলেন। আমারও খুব অস্বস্তি বোধ হচ্ছিল। মনে হচ্ছিল একেবারেই নিরাপদ নই। পরে পরিস্থিতি আরও খারাপ হতে থাকে।’
গায়িকার আরও দাবি, ‘চালক হঠাৎ গাড়ির গতি বাড়িয়ে দেওয়ায় শুধু নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছিলাম। বার বার মনে হয়েছিল এমন কিছু করবই না, যাতে পরিস্থিতি কোন ভাবে খারাপ হয়ে যায়। তাই মাথা ঠান্ডা রাখার চেষ্টা করেছি।’ একটা সময়ে ভেবেছিলেন চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়বেন। কিন্তু সে ক্ষেত্রে প্রবল অস্বস্তির মধ্যে পড়তে হতো শ্রিয়াকে। তাই ওই চালকের বিরুদ্ধে যাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়, অনুরোধ করেছেন গায়িকা।





