বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলছেন মুশফিকুর রহিম। আয়ারল্যান্ডের বিপক্ষে মাইলফলকের ম্যাচে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন। মাইলফলকের ম্যাচে ১১তম ব্যাটার হিসেবে এমন কীর্তি গড়লেন তিনি। এমন অর্জন মুশফিক উৎসর্গ করেছেন দাদা-দাদী ও নানা-নানীকে। জানালেন, কারণও।
বৃহস্পতিবার মিরপুর টেস্টে দ্বিতীয় দিন সকালে সেঞ্চুরি করেন মুশফিক। খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন। জানতে চাওয়া হয়, দারুণ অর্জন কাকে উৎসর্গ করতে চান। উত্তরে জানান, দাদা-দাদী ও নানা-নানীকে। কারণ জানাতে গিয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন মুশফিক।
বলেছেন, “আমার দাদা-দাদী ও নানা-নানীকে উৎসর্গ করতে চাই। কারণ তারা আসলে আমার সবচেয়ে বড় সমর্থক ছিলেন, যখন বেঁচে ছিলেন। তারা যখন মারা যান, তার আগে যখন একটু অসুস্থ ছিলেন, আমার এখনও মনে আছে, আমার দাদা-দাদী, নানা-নানীরা বলেছিলেন যে, ‘ভাই তোমার খেলা দেখার জন্য হল আমি আরও কয়েকটা দিন বেঁচে থাকতে চাই।’ তো এটা… মানে আসলে বিশেষ কিছু।”
মুশফিকের মতে, তাদের দোয়াতে কঠিন পথ পাড়ি দিয়ে এত দূর আসতে পেরেছেন তিনি। বলেছেন, ‘খুব কম নাতি বা নাতনিদের ভাগ্যে জোটে এরকম। তো সেটা বলব যে তাদের দোয়ার সৌজন্যেই এই আমি আজকে এতদূর। আরও অনেক মানুষ আছে (দোয়া করেছেন)। তবে বিশেষ করে আমি তাদের চারজনকে উৎসর্গ করতে চাই।’







