রাজধানীতে আজ একাধিক রাষ্ট্রীয় ও সাংস্কৃতিক কর্মসূচিকে কেন্দ্র করে শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান, মানিক মিয়া অ্যাভিনিউসহ আশপাশের এলাকায় যান চলাচলে সাময়িক নিয়ন্ত্রণ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে নগরবাসীকে যানজট এড়াতে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের সই করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (৫ আগস্ট) ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শাহবাগে ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সোহরাওয়ার্দী উদ্যানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উন্মুক্ত কনসার্ট এবং মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত কনসার্ট উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল সীমিত থাকবে। এসময় ইউটার্ন ও ডাইভারশনের মাধ্যমে যানবাহনের প্রবাহ নিয়ন্ত্রণ করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফার্মগেট থেকে শাহবাগগামী যানবাহনকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে হেয়ার রোড ও মিন্টো রোড ব্যবহার করতে হবে। গোলাপশাহ মাজার, হাইকোর্ট ও মৎস্য ভবন এলাকা থেকে শাহবাগমুখী যানবাহন কাকরাইল মসজিদ মোড় হয়ে গন্তব্যে যাবে।
সায়েন্সল্যাব থেকে শাহবাগমুখী যানবাহনের জন্য দুটি বিকল্প পথ নির্ধারণ করা হয়েছে। একটি হলো নিউ মার্কেট, আজিমপুর, চাঁনখারপুল ও বকশীবাজার হয়ে চলাচল; অন্যটি বাটা মোড়, কাটাবন, হাতিরপুল, নীলক্ষেত ও পলাশী হয়ে গন্তব্যে পৌঁছানো।
এছাড়া মানিক মিয়া অ্যাভিনিউ, ফার্মগেট, ধানমন্ডি, আসাদগেট, গণভবন ও বিজয় সরণি হয়ে চলাচলকারী যানবাহনের জন্যও পৃথক বিকল্প রুট নির্ধারণ করেছে ডিএমপি। মিরপুর রোড, ইন্দিরা রোড এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদেরও নির্ধারিত ডাইভারশন অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।
ডিএমপি আরও জানিয়েছে, অনুষ্ঠান চলাকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট এক্সিট র্যাম্প ব্যবহার না করে এফডিসি (হাতিরঝিল) এক্সিট র্যাম্প ব্যবহার করলে যানজট অনেকটাই এড়ানো সম্ভব হবে। রাজধানীবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং যানজট কমাতে ডিএমপি সবার সহযোগিতা কামনা করেছে।







