রসিকে টপকে আগোস্তিনির ৫১ বছরের রেকর্ড ধরে বিশ্বচ্যাম্পিয়ন মার্কেজ

চলতি মোটো জিপি মৌসুমে একটি পর্যায়ে মার্ক মার্কেজের পক্ষে শিরোপা ধরে রাখা অসম্ভব হয়ে পড়েছিল। ঘুরে দাঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন স্পেনিয়ার্ড বাইকার। মোটো জিপির কিংবদন্তি ৭ বারের চ্যাম্পিয়ন ভ্যালেন্টিনো রসিকে টপকে ৮ বারের শিরোপাধারী এখন মার্কেজ। ভাগ বসিয়েছেন সর্বশেষ ১৯৭৫ সালে চ্যাম্পিয়ন হওয়া ৮ বারের বিশ্বচ্যাম্পিয়ন জিয়াকোমো আগোস্তিনির রেকর্ডে।
বছরের মাঝপথেও ইতালির গ্র্যাঁ প্রিতে মার্কো বেজেকিয়ের চেয়ে ১০২ পয়েন্টে পিছিয়ে ছিলেন মার্কেজ। ২০২৫ সালে এক ভয়াবহ দুর্ঘটনা ও অস্ত্রোপচার টেবিলে যেতে হয়েছিল তাকে। সবকিছু পেরিয়ে এখন ৫০০ সিসি মোটো জিপিতে ৮ বার এবং সবমিলিয়ে মোটো রেসে মার্কেজ ১০ বারের চ্যাম্পিয়ন।
ভ্যালেন্সিয়ায় মৌসুমের শেষ রেসের আগে শিরোপা নিশ্চিত করে ফেলেছেন মার্কেজ। ১০০ পয়েন্টেরও বেশি পিছিয়ে থাকা সত্ত্বেও ডুকাটি দলের রাইডার এমন ব্যবধান গড়ে তুলেছেন যা অন্য প্রতিদ্বন্দ্বীদের পক্ষে ছুঁয়ে ফেলা সম্ভব নয়।
রোববার রাতে পর্তুগালের আলগার্ভ ইন্টারন্যাশনাল সার্কিটে অষ্ঠম স্থান অর্জন করেন মার্কেজ। সেখানে রেস শেষে ৮ পয়েন্ট যোগ হয় নামের পাশে। যদিও এ রেস জিতেছেন এপ্রিলিয়ার ইতালিয়ান রেসার মার্কো বেজেকি।
মৌসুমের শুরুটা ভালো ছিল না মার্কেজের। বছরের প্রথম রেস থেকে ছিটকে পড়েন, দ্বিতীয় রেসে ব্রাজিলে চতুর্থ হন। এর আগে এক দুর্ঘটনায় ২০২৫ মৌসুমের বাকি অংশ থেকে ছিটকে পড়েছিলেন, ২০২৬ সালের শুরুতে তিনি পুরোপুরি ফিট ছিলেন না।





